মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় নয়: এমপি সাদিক রিয়াজ
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় কোনো অপরাধী কিংবা মাদক ব্যবসায়ীর স্থান হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে প্রশাসনকে আরও কঠোর হতে হবে। মাদকের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত কাউকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
সভায় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
উপজেলা আইনশৃঙ্খলা কমিটির প্রধান উপদেষ্টা এমপি সাদিক রিয়াজ বলেন, প্রচলিত আইনের যথাযথ প্রয়োগ এবং জনগণের সম্মিলিত সহযোগিতার মাধ্যমে অচিরেই বোচাগঞ্জকে একটি মাদকমুক্ত জনপদে পরিণত করা হবে। সমাজে সংঘটিত অধিকাংশ অপরাধের পেছনে মাদক একটি বড় কারণ উল্লেখ করে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশকে মাদকমুক্ত করার পাশাপাশি তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে নানা কার্যকর উদ্যোগ বাস্তবায়ন করছে। এ লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কৃষকদের স্বার্থ সংরক্ষণের বিষয়েও গুরুত্বারোপ করে সংসদ সদস্য জানান, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের কার্যক্রম নিয়মিত চলমান থাকবে। পাশাপাশি কৃষকদের প্রয়োজন অনুযায়ী সময়মতো পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন কুমার সাহা, সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবীর সোহাগসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় ঘোষিত মাদকবিরোধী কঠোর অবস্থান ও অপরাধ দমনে জিরো টলারেন্স নীতিকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা। তাদের প্রত্যাশা, এ ধরনের কার্যকর উদ্যোগে বোচাগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে।
মতামত দিন