*গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ল, মাসে মিলবে অতিরিক্ত ৩ হাজার টাকা।*
*উপশিরোনাম:* গ্রাম পুলিশে আর্থিক সুবিধা বাড়ল, প্রধানের বেতন ১১ হাজার টাকা,
সাথে দ্বিগুণ হলো প্রধানের যাতায়াত ভাতা।
গ্রামীণ জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকারী গ্রাম পুলিশের আর্থিক সুবিধা বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গ্রাম পুলিশ ও গ্রাম পুলিশ প্রধানের মাসিক বেতন ৩ হাজার টাকা করে বাড়ানো হয়েছে। পাশাপাশি বৃদ্ধি করা হয়েছে আনুতোষিক ও যাতায়াত ভাতা। যুক্ত হয়েছে নতুন মোবাইল ভাতাও।
শনিবার (৭ নভেম্বর) রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত গ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব ঘোষণা দেন।
ঘোষণা অনুযায়ী, একজন গ্রাম পুলিশের মাসিক বেতন ৭ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৫০০ টাকা। অন্যদিকে গ্রাম পুলিশ প্রধানের বেতন ৮ হাজার থেকে বাড়িয়ে ১১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
শুধু মাসিক বেতন নয়, বাড়ানো হয়েছে এককালীন আনুতোষিকের পরিমাণও। গ্রাম পুলিশের আনুতোষিক ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা এবং গ্রাম পুলিশ প্রধানের ক্ষেত্রে ৮০ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা হয়েছে।
এ ছাড়া গ্রাম পুলিশ প্রধানের যাতায়াত ভাতা দ্বিগুণ করে ৩০০ টাকা থেকে ৬০০ টাকা করা হয়েছে। নতুন সুবিধা হিসেবে সাধারণ গ্রাম পুলিশ সদস্যদের প্রতি মাসে ১৫০ টাকা করে মোবাইল ভাতা দেওয়ার সিদ্ধান্তও ঘোষণা করা হয়েছে।
সরকারের এ সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন ধরে স্বল্প বেতনে দায়িত্ব পালন করা গ্রাম পুলিশ সদস্যদের আর্থিক সুবিধা বাড়বে।
মতামত দিন