• ২০২৬ Jul ৩০, বৃহস্পতিবার, ১৪৩৩ শ্রাবণ ১৫
  • সর্বশেষ আপডেট : ০১:০৭ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব’: তিস্তা-গঙ্গা ইস্যুতে আশাবাদী ভারতীয় হাইকমিশনার

  • প্রকাশিত ০২:০৭ অপরাহ্ন বৃহস্পতিবার, Jul ৩০, ২০২৬
আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব’: তিস্তা-গঙ্গা ইস্যুতে আশাবাদী ভারতীয় হাইকমিশনার
Time Bangla news
মোঃ সেলিম মিয়া বিশেষ প্রতিনিধি | টাইম বাংলা নিউজ

আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব’: তিস্তা-গঙ্গা ইস্যুতে আশাবাদী ভারতীয় হাইকমিশনার


বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত তিস্তা ও গঙ্গার পানিবণ্টনসহ বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যু পারস্পরিক আলোচনা ও সহযোগিতার মাধ্যমে সমাধান করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, দুই দেশের জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এসব বিষয়ে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

বুধবার (২৯ জুলাই) পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিস্তা পানিবণ্টন চুক্তির অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে ভারতীয় হাইকমিশনার বলেন, বৈঠকটি মূলত সৌজন্য সাক্ষাৎ ছিল। তবে দুই প্রতিবেশী ও গণতান্ত্রিক দেশের জনগণের কল্যাণে যেসব উদ্যোগ প্রয়োজন, সেগুলো নিয়েই ভবিষ্যতে ইতিবাচকভাবে কাজ করা হবে।

গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের বিষয়ে তিনি জানান, এ বিষয়ে বাংলাদেশ ও ভারতের প্রতিনিধিদের সমন্বয়ে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর নিয়মিত আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে উভয় দেশের জন্য গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো সম্ভব হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

ভারতীয় হাইকমিশনার আরও বলেন, দুই দেশের মধ্যে এমন কোনো সমস্যা নেই, যা আন্তরিক সংলাপ ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সমাধান করা সম্ভব নয়। জনগণের স্বার্থে যেকোনো ইতিবাচক উদ্যোগকে দুই দেশই গুরুত্ব দেবে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর প্রসঙ্গে তিনি বলেন, সফরটি অনুষ্ঠিত হলে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে এবং চলমান বিভিন্ন বিষয়ে ইতিবাচক অগ্রগতি আসতে পারে। সফরের আগে ওয়ার্কিং গ্রুপ প্রয়োজনীয় প্রস্তুতি ও সুপারিশ চূড়ান্ত করবে বলেও তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রীর সফরের সময়সূচি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে দীনেশ ত্রিবেদী বলেন, এটি সম্পূর্ণভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বিষয়। তবে ভারত সরকার তার সফরের অপেক্ষায় রয়েছে এবং অদূর ভবিষ্যতেই এ সফর বাস্তবায়িত হবে বলে তারা আশাবাদী। দুই দেশের সম্পর্ক আরও গভীর করতে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি মন্তব্য করেন।

সর্বশেষ