• ২০২৬ Jul ৩০, বৃহস্পতিবার, ১৪৩৩ শ্রাবণ ১৫
  • সর্বশেষ আপডেট : ০৩:০৭ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

খাদ্য গুদামের অনিয়মের খোঁজ নিতে গিয়ে প্রাণনাশের হুমকি, সাংবাদিকের জিডি দায়ের

  • প্রকাশিত ০৩:০৭ অপরাহ্ন বৃহস্পতিবার, Jul ৩০, ২০২৬
খাদ্য গুদামের অনিয়মের খোঁজ নিতে গিয়ে প্রাণনাশের হুমকি, সাংবাদিকের জিডি দায়ের
Time Bangla news
রুহুল আমিন - দিনাজপুর জেলা প্রতিনিধি, টাইম বাংলা নিউজ

খাদ্য গুদামের অনিয়মের খোঁজ নিতে গিয়ে প্রাণনাশের হুমকি, সাংবাদিকের জিডি দায়ের


দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলাহিলি সরকারি খাদ্য গুদাম (এলএসডি)-এ চলতি বোরো মৌসুমে ধান সংগ্রহে অনিয়ম ও সিন্ডিকেটের অভিযোগের অনুসন্ধান করতে গিয়ে প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন স্থানীয় এক সাংবাদিক।

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে হাকিমপুর থানায় জিডি করেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশ ও মুভিবাংলা টেলিভিশনের হিলি প্রতিনিধি এবং হাকিমপুর প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য মো. মোকছেদুল মমিন (মোয়াজ্জেম)।

জিডিতে উল্লেখ করা হয়, চলতি বোরো মৌসুমে সরকার প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের জন্য অনলাইনে আবেদন আহ্বান করে। কিন্তু একটি অসাধু চক্র প্রকৃত কৃষকদের পরিবর্তে কৃষক নন—এমন ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর ব্যবহার করে কৃষকের নামে আবেদন জমা দেয়। একই মোবাইল নম্বর একাধিক কৃষকের আবেদনে ব্যবহারের ঘটনাও অনুসন্ধানে উঠে আসে।

অভিযোগে বলা হয়, এ বিষয়ে তথ্য যাচাই ও সংবাদ সংগ্রহের অংশ হিসেবে গত ২১ জুলাই বিকেল ৫টা ২৬ মিনিটে কৃষক তালিকায় থাকা আবুল কাশেম মণ্ডলের মোবাইল নম্বরে ফোন করেন সাংবাদিক মোকছেদুল মমিন। প্রায় ৩৪ সেকেন্ডের কথোপকথনে ওই ব্যক্তি জানান, তিনি হিলি সরকারি খাদ্য গুদামে প্রায় তিন মেট্রিক টন ধান সরবরাহ করেছেন।

জিডিতে আরও উল্লেখ করা হয়, ওই ফোনালাপের প্রায় ১২ মিনিট পর একই নম্বর থেকে সাংবাদিকের মোবাইলে ফোন আসে। কল রিসিভ করার পর অপর প্রান্তের ব্যক্তি নিজের পরিচয় না দিয়ে অশ্লীল ভাষায় গালাগাল করেন এবং প্রায় এক মিনিট ধরে প্রাণনাশের হুমকি দেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত সহকর্মীরাও বিষয়টি প্রত্যক্ষ করেন এবং আতঙ্কিত হয়ে পড়েন।

পরে অনুসন্ধান করে সাংবাদিক জানতে পারেন, হুমকিদাতা ব্যক্তি মো. সাখাওয়াত হোসেন (ডিলার সাখো) নামে পরিচিত। তিনি বাংলাহিলি বাজারে সরকারি খাদ্য গুদামের ধান-চাল কেনাবেচার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এছাড়া সরকারি চাল অবৈধভাবে মজুদ ও কেনাবেচার অভিযোগে অতীতে তার বিরুদ্ধে মামলাও হয়েছিল বলে বিভিন্ন সূত্রে জানা গেছে বলে জিডিতে উল্লেখ করা হয়।

সাংবাদিক মোকছেদুল মমিন জানান, সংবাদ সংগ্রহ, তথ্য-প্রমাণ যাচাই এবং সহকর্মীদের সঙ্গে পরামর্শের কারণে অভিযোগ দায়ের করতে কিছুটা সময় লেগেছে। তিনি জিডির সঙ্গে কল রেকর্ড এবং সংশ্লিষ্ট কৃষক তালিকার কপিও থানায় জমা দিয়েছেন।

এ ঘটনায় প্রয়োজনীয় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।

জিডিতে ঘটনার সময় উপস্থিত সাক্ষী হিসেবে দৈনিক ইনকিলাব-এর হিলি প্রতিনিধি মো. মোসলেম উদ্দিন, দৈনিক যায়যায়দিন-এর হাকিমপুর প্রতিনিধি রমেন বসাক, দৈনিক সমকাল-এর হাকিমপুর প্রতিনিধি মো. আবু মুসাসহ আরও কয়েকজন সাংবাদিকের নাম উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ