• ২০২৬ Jul ৩০, বৃহস্পতিবার, ১৪৩৩ শ্রাবণ ১৫
  • সর্বশেষ আপডেট : ০৮:০৭ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বিশ্বব্যাংকের প্রতিবেদন: তীব্র গরমে বছরে ১৮০ কোটি ডলার ক্ষতি বাংলাদেশের

  • প্রকাশিত ০৯:০৭ অপরাহ্ন বৃহস্পতিবার, Jul ৩০, ২০২৬
বিশ্বব্যাংকের প্রতিবেদন: তীব্র গরমে বছরে ১৮০ কোটি ডলার ক্ষতি বাংলাদেশের
Time Bangla news
বিশেষ প্রতিনিধি : মোঃ সাখাওয়াত হোসেন

বিশ্বব্যাংকের প্রতিবেদন: তীব্র গরমে বছরে ১৮০ কোটি ডলার ক্ষতি বাংলাদেশের


ঢাকা: তীব্র দাবদাহের কারণে বাংলাদেশে শ্রম উৎপাদনশীলতা কমে যাচ্ছে এবং প্রতিবছর বিপুল কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। বিশ্বব্যাংকের প্রকাশিত “A Livable Future: Protecting Jobs and Growth from Extreme Heat in South Asia’s Cities” শীর্ষক প্রতিবেদনে দেশের অর্থনীতি ও শ্রমবাজারে চরম গরমের নেতিবাচক প্রভাবের চিত্র তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে তাপপ্রবাহের কারণে বাংলাদেশের অর্থনীতিতে আনুমানিক ১৩০ থেকে ১৮০ কোটি মার্কিন ডলার ক্ষতি হয়েছে, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ০.৩ থেকে ০.৪ শতাংশের সমান।

সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছে রাজধানী ঢাকা। তীব্র গরমের কারণে প্রতি বছর শহরটির মোট কর্মঘণ্টার প্রায় ৩ শতাংশ নষ্ট হচ্ছে, যা প্রায় ৪ লাখ ৬৫ হাজার পূর্ণকালীন কর্মসংস্থানের সমপরিমাণ। বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে ২০৮০ সালের মধ্যে এ ক্ষতি বেড়ে কর্মঘণ্টার ৭.৪ শতাংশে পৌঁছাতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করলেই শ্রম উৎপাদনশীলতা দ্রুত কমে যায়। এর বড় প্রভাব পড়ছে তৈরি পোশাক (আরএমজি) শিল্পে। আইএলও, আইএফসি ও কর্নেল ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, তাপজনিত উৎপাদনশীলতা সংকট মোকাবিলা করা না গেলে বাংলাদেশ, পাকিস্তান, ভিয়েতনাম ও কম্বোডিয়ার পোশাক খাত ২০৩০ সালের মধ্যে প্রায় ৬ হাজার ৫৮০ কোটি ডলার রপ্তানি আয় হারানোর ঝুঁকিতে রয়েছে।

তবে বিশ্বব্যাংক বলছে, পরিবেশবান্ধব প্রযুক্তি, কারখানার কর্মপরিবেশ উন্নয়ন এবং লক্ষ্যভিত্তিক অর্থায়নের মাধ্যমে এ সংকট মোকাবিলা সম্ভব। সরকারের গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড এবং আইএফসির বিভিন্ন উদ্যোগের ফলে বাংলাদেশে ২০২৫ সালের শেষ নাগাদ ২৭০টির বেশি পোশাক কারখানা পরিবেশবান্ধব লিড (LEED) সনদ অর্জন করেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, অতিরিক্ত গরমের কারণে উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণে চাপ বাড়ায় নারী শ্রমিকদের ওপর হয়রানি ও সহিংসতার ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে।

বিশ্বব্যাংকের হিসাবে, দক্ষিণ এশিয়ায় চরম গরমের কারণে প্রতি বছর প্রায় ৩ কোটি ১০ লাখ পূর্ণকালীন চাকরির সমপরিমাণ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৫০ সালের মধ্যে এ অঞ্চলের অর্থনীতি অন্তত ৭ শতাংশ সংকুচিত হতে পারে। তাই কর্মসংস্থান, উৎপাদনশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে এখনই তাপসহনশীল ও জলবায়ু-সহনশীল নগর গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি।

সর্বশেষ