• ২০২৬ Jul ৩০, বৃহস্পতিবার, ১৪৩৩ শ্রাবণ ১৫
  • সর্বশেষ আপডেট : ০৯:০৭ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

অবশেষে সাড়ে ৫ বছর পর হিলি দিয়ে পাথর আমদানিতে সচলতা

  • প্রকাশিত ০৯:০৭ অপরাহ্ন বৃহস্পতিবার, Jul ৩০, ২০২৬
অবশেষে সাড়ে ৫ বছর পর হিলি দিয়ে পাথর আমদানিতে সচলতা
Time Bangla news
রুহুল আমিন - দিনাজপুর জেলা প্রতিনিধি, টাইম বাংলা নিউজ।

অবশেষে সাড়ে ৫ বছর পর হিলি দিয়ে পাথর আমদানিতে সচলতা


দীর্ঘ সাড়ে পাঁচ বছর বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে পাথর আমদানি শুরু হয়েছে। পাথরবাহী ট্রাক বন্দরে প্রবেশ করায় শ্রমিক, ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। নতুন করে আমদানি শুরু হওয়ায় বন্দরে কর্মচাঞ্চল্যও বাড়তে শুরু করেছে।

জানা গেছে, মেসার্স ম্যাক্স ইনফ্রা নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের বিহার রাজ্যের পাকুর এলাকা থেকে পাথর আমদানি করছে। এসব পাথর ঢাকা, সিলেটসহ দেশের বিভিন্ন মহাসড়ক নির্মাণ প্রকল্পে ব্যবহার করা হবে।

বন্দর সূত্রে জানা যায়, সোমবার (২৭ জুলাই) ভারত থেকে ২১টি ট্রাকে ৮৩৯ মেট্রিক টন পাথর আমদানির মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। পরদিন ছয়টি ট্রাকে আসে ২৪০ মেট্রিক টন পাথর। এরপর বুধবার (২৯ জুলাই) আরও ২৬টি ট্রাকে ১ হাজার ৪০ মেট্রিক টন পাথর বন্দরে প্রবেশ করে।

হিলি স্থলবন্দরের শ্রমিক তোজাম্মেল হোসেন বলেন, “আগে প্রতিদিন প্রায় ৬০০ থেকে ৭০০ শ্রমিক বন্দরে কাজ করতেন। কিন্তু আমদানি কমে যাওয়ায় অনেক শ্রমিক কর্মহীন হয়ে অন্য এলাকায় কাজের সন্ধানে চলে যান। পাথর আমদানি আবার শুরু হওয়ায় আমরা আশাবাদী, বন্দরে আগের কর্মব্যস্ততা ফিরে আসবে।”

বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন মণ্ডল বলেন, “একসময় দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হিসেবে হিলির সুনাম ছিল। দীর্ঘ সাড়ে পাঁচ বছর পর পাথর আমদানি পুনরায় শুরু হওয়ায় ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।”

উল্লেখ্য, ভারতে পার্কিং চার্জ বৃদ্ধি, ওভারলোডিং নিয়ন্ত্রণসহ বিভিন্ন জটিলতার কারণে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পাথর আমদানি দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল। নতুন করে আমদানি শুরু হওয়ায় বন্দরের বাণিজ্যিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সর্বশেষ