• ২০২৬ অগাস্ট ০১, শনিবার, ১৪৩৩ শ্রাবণ ১৬
  • সর্বশেষ আপডেট : ০১:০৮ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

৯৪৯ কোটি টাকায় এক কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন

  • প্রকাশিত ০১:০৮ পূর্বাহ্ন শনিবার, অগাস্ট ০১, ২০২৬
৯৪৯ কোটি টাকায় এক কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন
Time Bangla news
শ্রেষ্ঠ মজুমদার লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

প্রতি এমএমবিটিইউ ২২.৩৫ মার্কিন ডলার দরে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

সিঙ্গাপুরভিত্তিক ভিটল এশিয়া পিটিই লিমিটেড থেকে প্রায় ৯৪৯ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে এ এলএনজি কেনা হবে।

 আগামী ১৫-১৬ আগস্ট সময়ে এলএনজি সরবরাহ করবে কম্পানিটি। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মন্ত্রিপরিষদ বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর বিধি ১০৫(৩)(ক) অনুসারে আন্তর্জাতিক কোটেশন (রিকোয়েস্ট ফর কোটেশন-ইন্টারন্যাশনাল) পদ্ধতিতে এলএনজি কেনার এ প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এটি ২০২৬ সালের জন্য কেনা এলএনজির ৪২তম কার্গো। 

সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, সর্বনিম্ন দরদাতা হিসেবে ভিটল এশিয়া পিটিই লিমিটেড, সিঙ্গাপুর-এর প্রস্তাব অনুমোদন করেছে কমিটি। এ ক্রয়ে মোট ব্যয় ধরা হয়েছে ৯৪৯ কোটি ৪৩ লাখ ১২ হাজার ১৮৪ টাকা এবং প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে ২২.৩৫ মার্কিন ডলার।

একই সভায় শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম লটে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশ থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। প্রতি মেট্রিক টনের দাম ৩৫৭.২৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। এ জন্য মোট ব্যয় হবে ১৩২ কোটি ৬২ লাখ ৯০ হাজার ৬২৫ টাকা।

সর্বশেষ