• ২০২৬ Jul ৩১, শুক্রবার, ১৪৩৩ শ্রাবণ ১৫
  • সর্বশেষ আপডেট : ০২:০৭ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

নোয়াখালীতে ২৪ ঘণ্টার ব্যবধানে দুই ডাকাতি

  • প্রকাশিত ০৩:০৭ পূর্বাহ্ন শুক্রবার, Jul ৩১, ২০২৬
নোয়াখালীতে ২৪ ঘণ্টার ব্যবধানে দুই ডাকাতি
সংগৃহীত
সাজ্জাদ হোসেন

নোয়াখালীতে ২৪ ঘণ্টার ব্যবধানে দুটি পৃথক দুঃসাহসিক ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কবিরহাট ও নোয়াখালী পৌর এলাকায় সংঘটিত এসব ঘটনায় অন্তত ১৫ লাখ টাকা নগদ, সাড়ে ৭ থেকে ৮ ভরি স্বর্ণালংকার এবং মূল্যবান মালামাল লুটের অভিযোগ উঠেছে। ডাকাতদের হামলায় দুই পরিবারের অন্তত ১০ সদস্য আহত হয়েছেন। দুটি ঘটনাই তদন্ত করছে পুলিশ।

প্রথম ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৮ জুলাই) গভীর রাতে বসুরহাট-কবিরহাট সড়কের চাঁড়াভিটি বাগানবাড়িতে। বাড়িটি নোয়াখালী জেলা বিএনপির সদস্য, জিয়া মঞ্চের কেন্দ্রীয় প্রভাবশালী নেতা, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী বেলায়েত হোসেন স্বপনের।

স্বপন বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তাঁর ঘনিষ্ঠজন জানান, রাতের কোনো এক সময় একদল দুর্বৃত্ত ভবনের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও তছনছ চালায়। ডাকাতরা আলমিরায় থাকা প্রায় ৯ লাখ টাকা, যার মধ্যে সিরাজপুর ইউনিয়ন পরিষদ এলাকায় জমি কেনার জন্য রাখা সাড়ে ৮ লক্ষ টাকাও ছিল, পারিবারিক ৫ ভরি স্বর্ণালংকার এবং লক্ষাধিক টাকা মূল্যের বাথরুমের ফিটিংস খুলে নিয়ে যায়। এ সময় পরিবারের সদস্যদের মারধর করলে পাঁচজন আহত হন। খবর পেয়ে বুধবার রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

অপর ঘটনাটি ঘটে বুধবার দিবাগত রাত প্রায় সোয়া ৩টার দিকে নোয়াখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শ্রীপুর গ্রামের তাজু মিয়ার বাড়িতে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একদল ডাকাত বাড়ির প্রধান গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে সোনাপুরের ব্যবসায়ী মোফাজ্জল হোসেন ফরহাদের কক্ষের দরজা ভেঙে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের হাত-মুখ বেঁধে ফেলে এবং পাঁচ সদস্যকে মারধর করে। এরপর ঘরে থাকা আনুমানিক ৫ থেকে ৬ লাখ টাকা এবং আড়াই থেকে ৩ ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে।

অপর ডাকাতির ঘটনার সত্যতা বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে সুধারাম মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সায়মা সুলতানা নিশ্চিত করেন। তিনি বলেন, ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরপর দুই রাতে সংঘটিত এ দুটি ডাকাতির ঘটনায় নোয়াখালীর কবিরহাট ও পৌর এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার এবং রাতের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

সর্বশেষ