• ২০২৬ Jul ৩১, শুক্রবার, ১৪৩৩ শ্রাবণ ১৬
  • সর্বশেষ আপডেট : ১০:০৭ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

টেকনাফ থেকে তেঁতুলিয়া পদযাত্রা, পরিবেশ সচেতনতায় বার্তা ছড়ালেন ফাহিম।

  • প্রকাশিত ১০:০৭ অপরাহ্ন শুক্রবার, Jul ৩১, ২০২৬
টেকনাফ থেকে তেঁতুলিয়া পদযাত্রা, পরিবেশ সচেতনতায় বার্তা ছড়ালেন ফাহিম।
Time Bangla news
রুহুল আমিন - দিনাজপুর জেলা প্রতিনিধি, টাইম বাংলা নিউজ।

টেকনাফ থেকে তেঁতুলিয়া পদযাত্রা, পরিবেশ সচেতনতায় বার্তা ছড়ালেন ফাহিম।


টেকনাফ থেকে তেঁতুলিয়া পদযাত্রা, পরিবেশ সচেতনতায় বার্তা ছড়ালেন ফাহিম।

পরিবেশ ও প্রকৃতি রক্ষার অনন্য বার্তা ছড়িয়ে দিতে হেঁটে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রায় এক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার এক তরুণ। দীর্ঘ কুড়ি দিনের এই পদযাত্রা শেষে বৃহস্পতিবার সকালে তিনি তেঁতুলিয়ার বাংলাবান্ধা জিরো পয়েন্টে এসে পৌঁছান।ফাহিম মুনতাসির নামের ছাব্বিশ বছর বয়সী এই তরুণ ব্রাহ্মণবাড়িয়ার সন্তান।তিনি মো. মফিজ মিয়া ও মাহমুদা আক্তার চৌধুরী দম্পতির বড় ছেলে। 

ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করে বর্তমানে তিনি শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। পাশাপাশি ‘সোনালী সকাল’ নামের একটি সংগঠনের সভাপতির দায়িত্বও পালন করছেন তিনি। গত ১০ জুলাই টেকনাফের শাপলা জিরো পয়েন্ট থেকে তিনি এই দীর্ঘ পদযাত্রা শুরু করেছিলেন। শুরুতে তাঁর সঙ্গে আরও দুই সহযাত্রী থাকলেও ফেনীতে এসে তারা যাত্রা স্থগিত করেন। এরপর একাই নিজের অদম্য মনোবল নিয়ে যাত্রা অব্যাহত রাখেন ফাহিম

পথিমধ্যে বিভিন্ন স্থানে বীজ বপন ও বৃক্ষরোপণ করেছেন এই তরুণ।নিজের এই উদ্যোগ সম্পর্কে ফাহিম জানান, এই পদযাত্রা কোনো রেকর্ড বা প্রচারের উদ্দেশ্যে নয়। এটি সুস্থ জীবন, হাঁটার অভ্যাস এবং পরিবেশ সচেতনতার একটি ছোট্ট আহ্বান। অতিরিক্ত ব্যক্তিগত যানবাহনের ব্যবহার বায়ুদূষণ ও জলবায়ু সংকট বাড়িয়ে দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, মানুষ যেন ব্যক্তিগত গাড়ি কমিয়ে নিয়মিত হাঁটার অভ্যাস গড়ে তোলে এবং প্রয়োজনে গণপরিবহন ব্যবহার করে। পথচলার সময় বন্যপ্রাণী ও প্রকৃতির ওপর মানুষের নানা অত্যাচারের চিত্রও তাঁকে ভাবিয়ে তুলেছে। হাতি ও সাপের মতো প্রাণী হত্যা বন্ধে জনসচেতনতা বাড়ানোর ওপর জোর দেন তিনি।

পড়াশোনা ও পেশাগত ব্যস্ততার বাইরে দীর্ঘ এই পথচলায় স্থানীয়দের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছেন ফাহিম।পথে বিভিন্ন বন্ধু ও সুহৃদদের বাড়িতে রাত্রিযাপন করে নিজের লক্ষ্য অর্জনে এগিয়ে গেছেন ফাহিম। আধুনিক জীবনযাত্রায় মানুষের হাঁটার অভ্যাস কমে যাওয়ার কারণে ডায়াবেটিস ও হৃদরোগের মতো অসংক্রামক রোগের ঝুঁকি বাড়ছে উল্লেখ করে তিনি নিয়মিত হাঁটার তাগিদ দেন। ফাহিমের এই সাহসী পদযাত্রার প্রশংসা করে তাঁর বন্ধু মুনওয়ার শারদ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, বৈশ্বিক জলবায়ু সংকটের এই যুগে শুধু সভা-সেমিনারে বক্তব্য না দিয়ে মাঠপর্যায়ে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

তাঁর এই ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সতীর্থ ও শুভানুধ্যায়ীরা। পরিবেশ রক্ষায় এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করেন সংশ্লিষ্টরা। পথিমধ্যে বিভিন্ন প্রান্তের মানুষের ভালোবাসা ও সমর্থন তাঁকে সামনের দিকে এগিয়ে যাওয়ার শক্তি জুগিয়েছে বলে জানান ফাহিম।

সর্বশেষ