• ২০২৬ অগাস্ট ০১, শনিবার, ১৪৩৩ শ্রাবণ ১৬
  • সর্বশেষ আপডেট : ১১:০৭ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

গঙ্গা পানি চুক্তি নবায়নে ঢাকার সঙ্গে দ্রুত আলোচনার তাগিদ ভারতের সংসদীয় কমিটির

  • প্রকাশিত ১২:০৮ পূর্বাহ্ন শনিবার, অগাস্ট ০১, ২০২৬
গঙ্গা পানি চুক্তি নবায়নে ঢাকার সঙ্গে দ্রুত আলোচনার তাগিদ ভারতের সংসদীয় কমিটির
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ

গঙ্গা পানি চুক্তি নবায়নে ঢাকার সঙ্গে দ্রুত আলোচনার তাগিদ ভারতের সংসদীয় কমিটির


ভারত ও বাংলাদেশের মধ্যে ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ ২০২৬ সালে শেষ হতে যাচ্ছে। এ প্রেক্ষাপটে চুক্তি নবায়নের লক্ষ্যে বাংলাদেশ সরকারের সঙ্গে দ্রুত আনুষ্ঠানিক আলোচনা শুরু করার সুপারিশ করেছে ভারতের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় কমিটি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদনে জানানো হয়, বিরোধী দল কংগ্রেসের সংসদ সদস্য শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি ‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ শীর্ষক সর্বশেষ প্রতিবেদনে এই সুপারিশ করেছে। কমিটির মতে, চুক্তির মেয়াদ শেষ হওয়ার সময় ঘনিয়ে এলেও নবায়ন নিয়ে এখনো দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি, যা বিলম্ব না করে শুরু করা উচিত।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন আলোচনায় সাম্প্রতিক জলপ্রবাহের তথ্য, জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য প্রভাব এবং ভারতের পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্যের মতামত বিবেচনায় নিয়ে একটি বাস্তবসম্মত সমাধানের দিকে এগিয়ে যাওয়া প্রয়োজন।

এছাড়া বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া দ্রুত স্বাভাবিক করার ওপরও গুরুত্ব দিয়েছে সংসদীয় কমিটি। তাদের পর্যবেক্ষণ অনুযায়ী, ভিসা কার্যক্রম সীমিত হওয়ায় দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ ও ইতিবাচক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার বিষয়টিকে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক পরিচালনার ক্ষেত্রে রাজনৈতিক অগ্রাধিকারের হাতিয়ার হিসেবে ব্যবহার না করার বিষয়েও পররাষ্ট্র মন্ত্রণালয়কে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ভারত ও বাংলাদেশের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গা পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় শুষ্ক মৌসুমে ফারাক্কা পয়েন্টে গঙ্গার পানির প্রবাহ নির্ধারিত সূত্র অনুযায়ী দুই দেশের মধ্যে বণ্টন করা হয়। পানির প্রবাহ উল্লেখযোগ্যভাবে কমে গেলে আলোচনার মাধ্যমে সমাধানের ব্যবস্থাও এতে অন্তর্ভুক্ত রয়েছে।

চুক্তির মেয়াদ শেষ হওয়ার সময় ঘনিয়ে আসায় এর নবায়ন কিংবা নতুন কাঠামোর চুক্তি নিয়ে আলোচনা এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাংলাদেশ দীর্ঘদিন ধরে শুষ্ক মৌসুমে ন্যায্য পানি প্রাপ্তির বিষয়টি গুরুত্ব দিয়ে আসছে। অন্যদিকে ভারতও জলবায়ু পরিবর্তন, নদীর প্রবাহের পরিবর্তন এবং অভ্যন্তরীণ পানির চাহিদার মতো নতুন বাস্তবতা বিবেচনায় রেখে আলোচনার পক্ষে অবস্থান নিয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর গঙ্গা পানি বণ্টন চুক্তির নবায়ন প্রসঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরও আলোচনার গুরুত্ব তুলে ধরেছিলেন।

সর্বশেষ