• ২০২৬ অগাস্ট ০১, শনিবার, ১৪৩৩ শ্রাবণ ১৬
  • সর্বশেষ আপডেট : ০১:০৮ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ভারতের দাবি: শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হচ্ছে না

  • প্রকাশিত ০১:০৮ পূর্বাহ্ন শনিবার, অগাস্ট ০১, ২০২৬
ভারতের দাবি: শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হচ্ছে না
Time Bangla news
মোঃ সেলিম মিয়া বিশেষ প্রতিনিধি | টাইম বাংলা নিউজ

ভারতের দাবি: শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হচ্ছে না


ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশটির মাটিতে বসে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অনুমতি দেওয়া হয়নি বলে দাবি করেছে ভারত সরকার। দেশটির পররাষ্ট্রবিষয়ক সংসদীয় কমিটিকে দেওয়া সরকারি বক্তব্যে এ তথ্য জানানো হয়েছে।

সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা ভার্চ্যুয়াল মাধ্যমে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়, বিভিন্ন বিবৃতি প্রদান এবং আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার খবর প্রকাশিত হলেও ভারত সরকারের বক্তব্য হলো, তাদের পক্ষ থেকে এমন কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হয়নি।

লোকসভার পররাষ্ট্রবিষয়ক সংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, মানবিক মূল্যবোধ এবং সংকটাপন্ন ব্যক্তিদের আশ্রয় দেওয়ার দীর্ঘদিনের নীতির অংশ হিসেবেই শেখ হাসিনাকে ভারতে অবস্থানের সুযোগ দেওয়া হয়েছে। এটি ভারতের মানবিক ও সভ্যতাগত ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বৃহস্পতিবার লোকসভায় উপস্থাপিত কমিটির নবম প্রতিবেদনে ভারত-বাংলাদেশ সম্পর্কের বিভিন্ন বিষয় পর্যালোচনার পাশাপাশি শেখ হাসিনার অবস্থান ও তাকে ঘিরে উত্থাপিত বিষয়গুলোও তুলে ধরা হয়েছে। কমিটির চেয়ারম্যান কংগ্রেসের সংসদ সদস্য শশী থারুর।

‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ শীর্ষক প্রতিবেদনে আরও বলা হয়েছে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সরকারের অনুরোধ বিদ্যমান আইন এবং প্রচলিত প্রক্রিয়া অনুযায়ী ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে। এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানো হয়নি।

উল্লেখ্য, ২০২৪ সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে ক্ষমতা হারানোর পর শেখ হাসিনা ভারত চলে যান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। তবে তাকে ভারতের কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি নয়াদিল্লি।

সর্বশেষ