• ২০২৬ অগাস্ট ০২, রবিবার, ১৪৩৩ শ্রাবণ ১৭
  • সর্বশেষ আপডেট : ০২:০৮ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

দিনাজপুরে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ

  • প্রকাশিত ০২:০৮ পূর্বাহ্ন রবিবার, অগাস্ট ০২, ২০২৬
দিনাজপুরে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ
টাইম বাংলা নিউজ
মোয়াজ্জেম হোসেন, দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুর: “জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করি বেগবান”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সপ্তাহব্যাপী এ আয়োজনের সূচনা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রখি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫০ শয্যাবিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. নূর আলম।

এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, উন্নয়ন সংস্থার প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি শিশুর সুস্থ ও স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে জন্মের প্রথম এক ঘণ্টার মধ্যেই মাতৃদুগ্ধ পান শুরু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বলেন, জীবনের প্রথম ছয় মাস শিশুকে শুধু মায়ের দুধ খাওয়ানো এবং এরপর পুষ্টিকর পরিপূরক খাবারের পাশাপাশি অন্তত দুই বছর বা তার বেশি সময় মাতৃদুগ্ধ পান অব্যাহত রাখা উচিত।

বক্তারা আরও উল্লেখ করেন, মাতৃদুগ্ধ শিশুর জন্য সর্বোত্তম ও নিরাপদ খাদ্য। এটি শিশুর শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং অপুষ্টি ও বিভিন্ন সংক্রমণের ঝুঁকি কমাতে কার্যকর ভূমিকা পালন করে।

অনুষ্ঠানে মাতৃদুগ্ধ পানের গুরুত্ব সম্পর্কে সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়। জেলা প্রশাসন জানায়, বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে দিনাজপুর জেলাজুড়ে সপ্তাহব্যাপী র‌্যালি, আলোচনা সভা, সচেতনতামূলক প্রচারণাসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

সর্বশেষ