• ২০২৬ অগাস্ট ০২, রবিবার, ১৪৩৩ শ্রাবণ ১৭
  • সর্বশেষ আপডেট : ০২:০৮ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

চোখের সেবায় মানবিক উদ্যোগ, দিনাজপুরে দুই শতাধিক মানুষের বিনামূল্যে পরীক্ষা

  • প্রকাশিত ০২:০৮ পূর্বাহ্ন রবিবার, অগাস্ট ০২, ২০২৬
চোখের সেবায় মানবিক উদ্যোগ, দিনাজপুরে দুই শতাধিক মানুষের বিনামূল্যে পরীক্ষা
টাইম বাংলা নিউজ
মোয়াজ্জেম হোসেন, দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের কাঞ্চন কলোনি আবাসিক উন্নয়ন ক্লাবে বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে একটি বিনামূল্যের চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। আল ইহসান যুব সংঘের উদ্যোগে এবং মাজেদা চক্ষু হাসপাতালের সহযোগিতায় আয়োজিত এ স্বাস্থ্যসেবা কর্মসূচিতে দুই শতাধিক মানুষের চোখের বিভিন্ন সমস্যা পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ শিবিরে বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশ নেন। এলাকার সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয় বলে আয়োজকরা জানান।

চক্ষু বিশেষজ্ঞরা আগত রোগীদের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেন। এছাড়া যেসব রোগীর ছানি অপারেশনের প্রয়োজন রয়েছে, তাদের মাজেদা চক্ষু হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে অস্ত্রোপচার ও লেন্স সংযোজনের ব্যবস্থা করা হয়েছে। অপারেশনকৃত রোগীদের হাসপাতালে থাকা-খাওয়ার সুবিধা, বিনামূল্যে চশমা এবং প্রয়োজনীয় ওষুধও প্রদান করা হবে বলে জানানো হয়।

বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন শিবিরে অংশ নেওয়া রোগীরা। তারা জানান, এমন উদ্যোগ সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকলে অনেক অসহায় মানুষ উপকৃত হবেন।

উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও কাঞ্চন কলোনী শাহী জামে মসজিদ কমিটির সাবেক সভাপতি ওবায়দুর রহমান গোল্ডেন, মসজিদ কমিটির সহ-সভাপতি শের আলী, সহ-সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মৃধা, শিক্ষা বিষয়ক সম্পাদক ও সংগঠনের সহ-সভাপতি কামাল উদ্দিন ফিরোজ, সংগঠনের উপদেষ্টা জয়নাল আবেদীন, সভাপতি শফিকুল ইসলাম, সহ-সভাপতি সেলিম শেখ, সাধারণ সম্পাদক আসলাম শেখ, সাংগঠনিক সম্পাদক আবেদ আলী এবং কোষাধ্যক্ষ মোস্তফা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও বিনামূল্যের চিকিৎসা কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

সর্বশেষ