জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখার উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) সকাল ১১টায় শহরের ইনস্টিটিউট মাঠে আয়োজিত সমাবেশে জেলা ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি গণমিছিল বের করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা জামায়াতের সাবেক আমির আফতাব উদ্দীন মোল্লা।
জেলা আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুর হক, সহকারী সেক্রেটারি ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, সহকারী সেক্রেটারি মাওলানা সাইদুল ইসলাম সৈকত, দিনাজপুর-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ এ কে এম আফজালুল আনাম, দিনাজপুর সদর আসনের প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলম, শহর ছাত্রশিবিরের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মাসুদ রানা, ফুলবাড়ী উপজেলা জামায়াত নেতা আনোয়ার হোসেন এবং ছাত্রশিবির উত্তর জেলা সভাপতি সোহানুর রহমান সোহানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী জুলাই সনদ ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। তাদের দাবি, এসব প্রস্তাব কার্যকর হলে রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে এবং দুর্নীতি ও অর্থপাচার রোধে ইতিবাচক ভূমিকা রাখবে।
তারা আরও বলেন, গণভোটে জনগণ যে মতামত দিয়েছে, তা সম্মান জানিয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত। একই সঙ্গে সংস্কার প্রস্তাব বাস্তবায়নে বিলম্ব না করে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।
মতামত দিন