• ২০২৬ অগাস্ট ০৩, সোমবার, ১৪৩৩ শ্রাবণ ১৯
  • সর্বশেষ আপডেট : ১২:০৮ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

দিনাজপুরে আগুনে দগ্ধ নারীর মৃত্যু, অভিযুক্ত সাবেক স্বামী

  • প্রকাশিত ০১:০৮ অপরাহ্ন সোমবার, অগাস্ট ০৩, ২০২৬
দিনাজপুরে আগুনে দগ্ধ নারীর মৃত্যু, অভিযুক্ত সাবেক স্বামী
টাইম বাংলা নিউজ
মোয়াজ্জেম হোসেন, দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরের বিরল উপজেলায় সাবেক স্বামীর পেট্রোল ছুড়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় গুরুতর দগ্ধ এক নারীর মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় অভিযুক্ত সাবেক স্বামীকে তাৎক্ষণিক অভিযানে আটক করেছে বিরল থানা পুলিশ।

ঘটনাটি ঘটেছে গত ১ আগস্ট রাত প্রায় ১১টার দিকে উপজেলার বিজোড়া ইউনিয়নের সুতারপাড়া গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুতারপাড়া গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলামের মেয়ের সঙ্গে রংপুর মহানগরের কোতোয়ালি থানার লালবাগ এলাকার স্থায়ী বাসিন্দা এবং বিরল উপজেলার দোগাছী গ্রামের অস্থায়ী বাসিন্দা মাহবুবুর রহমানের প্রায় দুই মাস আগে বিবাহবিচ্ছেদ হয়। ঘটনার রাতে মাহবুবুর রহমান জোরপূর্বক সাবেক স্ত্রীর বাবার বাড়িতে প্রবেশ করেন।

অভিযোগ রয়েছে, তিনি প্রথমে সাবেক স্ত্রীকে ছুরি দিয়ে আঘাত করেন। পরে তার শরীরে পেট্রোল ঢেলে লাইটারের সাহায্যে আগুন ধরিয়ে দেন। ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

স্থানীয়রা গুরুতর দগ্ধ অবস্থায় ওই নারীকে উদ্ধার করে প্রথমে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ঘটনার পরপরই বিরল থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মাহবুবুর রহমানকে আটক করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ