কালাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
জয়পুরহাটের কালাই উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ যোদ্ধা রিতা আক্তারের কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করা হয়।
পরে সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ‘জুলাই চেতনায় গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইউএনও কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. মাহবুব আলম সার্বিক তত্ত্বাবধান করেন এবং উপজেলা পরিষদের সিএ এস এম শওকত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন মাওলানা মো. সেলিম রেজা।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ-আল-মাহবুব, কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ইব্রাহিম হোসেন ফকির, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মৌদুদ আলম, জুলাই যোদ্ধা মো. তানিম সরকার এবং কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি মো. লুৎফর রহমানসহ অন্যান্য বক্তারা।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আত্মত্যাগের স্মৃতিচারণ করেন। একই সঙ্গে গণতন্ত্র, সুশাসন, দেশের উন্নয়ন ও প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মতামত দিন