ফিলিস্তিন ইস্যুতে কারিনাকে ইউনিলিভার-ম্যাগনাম বয়কটের আহ্বান
ফিলিস্তিনের গাজায় চলমান মানবিক সংকট ও ইসরায়েলি হামলার প্রতিবাদে বলিউড অভিনেত্রী কারিনা কাপুরকে ইউনিলিভার ও তাদের জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ড ম্যাগনামের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন বেন অ্যান্ড জেরির সহপ্রতিষ্ঠাতা বেন কোহেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় কারিনার প্রতি এ আহ্বান জানান তিনি। ভারতে দীর্ঘদিন ধরে ইউনিলিভার ও ম্যাগনামের প্রচারণার সঙ্গে যুক্ত রয়েছেন কারিনা। একই সঙ্গে বিভিন্ন সময়ে ফিলিস্তিনি শিশুদের ওপর সহিংসতা ও গাজার পরিস্থিতি নিয়েও নিজের উদ্বেগ প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
বেন কোহেনের অভিযোগ, ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে বেন অ্যান্ড জেরির সামাজিক অবস্থান প্রকাশে বাধা দেওয়ার চেষ্টা করছে মূল মালিকপক্ষ। তার দাবি, প্রতিষ্ঠানটির সামাজিক কর্মকাণ্ড তদারককারী স্বাধীন পর্ষদের সদস্যদের সরিয়ে দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছিল।
কারিনা বিষয়টি অবগত হলে মানবিক ও ন্যায়ের পক্ষে অবস্থান নেবেন বলে আশা প্রকাশ করেন কোহেন। পাশাপাশি ইউনিলিভার ও ম্যাগনামকে বেন অ্যান্ড জেরির সামাজিক ও মানবিক অবস্থান স্পষ্টভাবে তুলে ধরার সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
বেন কোহেন তার অনুসারীদেরও সামাজিক যোগাযোগমাধ্যমে ম্যাগনাম বয়কট এবং বেন অ্যান্ড জেরির স্বাধীন সামাজিক অবস্থানের পক্ষে প্রচারে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এর আগে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে ‘অল আইজ অন রাফাহ’ প্রচারণার একটি পোস্ট শেয়ার করেছিলেন কারিনা। এছাড়া ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেলের একটি বিবৃতিও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তিনি। তবে বেন কোহেনের সর্বশেষ আহ্বান নিয়ে এখনো প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি অভিনেত্রী।
ফিলিস্তিন ইস্যুতে বেন কোহেন দীর্ঘদিন ধরে সোচ্চার। এ বিষয়ে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার কারণে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হওয়ার ঘটনাও রয়েছে তার। অন্যদিকে বেন অ্যান্ড জেরির আরেক সহপ্রতিষ্ঠাতা জেরি গ্রিনফিল্ডও কোম্পানির সামাজিক দায়বদ্ধতা ও নীতিগত অবস্থান নিয়ে মূল মালিকপক্ষের সঙ্গে মতবিরোধের পর ২০২৫ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটি ছাড়েন।
পশ্চিম তীরে পণ্য বিক্রি এবং ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে বেন অ্যান্ড জেরি ও ইউনিলিভারের মধ্যে দীর্ঘদিনের মতপার্থক্যও রয়েছে। সেই পুরোনো বিরোধের ধারাবাহিকতায় কারিনাকে ঘিরে বেন কোহেনের নতুন আহ্বান বিষয়টি আবারও আলোচনায় এনেছে।
মতামত দিন