• ২০২৬ অগাস্ট ২৯, শনিবার, ১৪৩৩ ভাদ্র ১৪
  • সর্বশেষ আপডেট : ০৩:০৮ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কালাইয়ে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে: প্রতিমন্ত্রী আব্দুল বারী

  • প্রকাশিত ০৪:০৮ অপরাহ্ন শনিবার, অগাস্ট ২৯, ২০২৬
কালাইয়ে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে: প্রতিমন্ত্রী   আব্দুল বারী
Time Bangla news
স্টাফ রিপোর্টার আব্দুর রহিম

কালাইয়ে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে: প্রতিমন্ত্রী 

আব্দুল বারী


জয়পুরহাটের কালাই উপজেলায় সারের কোনো সংকট নেই এবং পর্যাপ্ত সার মজুদ রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি। তিনি বলেন, সার বিতরণ ব্যবস্থাকে আরও উন্নত ও সুশৃঙ্খল করতে জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ সংশ্লিষ্টরা বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন। সেই পরিকল্পনা অনুযায়ী সার বিতরণ কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।

শুক্রবার সকাল ১০টায় কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপির সঙ্গে কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার কর্মকর্তাদের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, ইতোমধ্যে সরকার সার উত্তোলন ও বিতরণের বিষয়ে নতুন নীতিমালা জারি করেছে। নতুন নীতিমালা অনুযায়ী সংশ্লিষ্টরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। কিছু ক্ষেত্রে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি কিছু অসাধু ডিলার সঠিক সময়ে সার উত্তোলন না করা কিংবা সময়মতো বাজারে সার না আনার কারণে কোথাও কোথাও সারের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছিল। তবে বর্তমানে সার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তিনি আরও বলেন, অন্যান্য সারের তুলনায় বর্তমানে ইউরিয়া সারের ব্যবহার কম। অন্যদিকে আলু চাষের মৌসুমকে সামনে রেখে অনেক কৃষক অতিরিক্ত পরিমাণে সার সংগ্রহের চেষ্টা করছেন। এ কারণে কিছু কিছু সারের চাহিদা ও দাম সাময়িকভাবে বেড়েছিল। বিষয়গুলো ইতোমধ্যে পর্যালোচনা করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর এলাকায় পর্যাপ্ত সার বরাদ্দ রয়েছে। স্বাভাবিক বরাদ্দের বাইরেও সরকার অতিরিক্ত চার হাজার মেট্রিক টন সার বরাদ্দ দিয়েছে। ইউরিয়া ও নন-ইউরিয়াসহ কোনো ধরনের সারেরই ঘাটতি নেই। সার বিতরণ ব্যবস্থা সঠিকভাবে পরিচালনার জন্য যেসব কর্মসূচি গ্রহণ করা হয়েছে, সেগুলো বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, “আমরা আশা করছি, কৃষকরা নির্ধারিত মূল্যে পর্যাপ্ত সার পাবেন। কোথাও কেউ অনিয়ম বা দায়িত্ব পালনে ব্যর্থ হলে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জয়পুরহাটের উপপরিচালক মনজু আলম সরকার, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী, ক্ষেতলাল উপজেলা কৃষি কর্মকর্তা মল্লিকা রানী, আক্কেলপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন এবং কালাই উপজেলা কৃষি কর্মকর্তা হারুনূর রশিদ।

এ ছাড়া কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহীম হোসেন ফকির, যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম সরকারসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ