• ২০২৬ অগাস্ট ২৯, শনিবার, ১৪৩৩ ভাদ্র ১৪
  • সর্বশেষ আপডেট : ০৪:০৮ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

দিনাজপুরে শুরু হলো মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষণ

  • প্রকাশিত ০৫:০৮ অপরাহ্ন শনিবার, অগাস্ট ২৯, ২০২৬
দিনাজপুরে শুরু হলো মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষণ
টাইম বাংলা নিউজ
মোয়াজ্জেম হোসেন, দিনাজপুর জেলা প্রতিনিধি

‘মাদক নয়, খেলাধুলার সঙ্গে থাকুন’—এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরে শুরু হয়েছে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষণ কর্মসূচি। শনিবার মুন্সিপাড়া হেমায়েত আলী হল মঞ্চে বাংলাদেশ টেবিল টেনিস প্লেয়ারস সোসাইটির সহযোগিতায় এবং সচেতন সংঘ মুন্সিপাড়ার আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। হলিল্যান্ড স্কুল অ্যান্ড কলেজের পরিচালক সৈয়দ সাগীর আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন এনায়েত হোসেন মারুফ। স্বাগত বক্তব্য দেন সচেতন সংঘের সাধারণ সম্পাদক খন্দকার জাকির আলী।

এ সময় বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এএম মাকসুদ আহমেদ, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ সাইদুল হক সাদী, জেলা বিএনপির সহ-সভাপতি মোকাররম হোসেন এবং দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চুসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার বিকল্প নেই। যুবসমাজকে মাঠমুখী করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু বলেন, পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে। পাশাপাশি মোবাইল আসক্তি ও মাদকের ক্ষতিকর প্রভাব থেকেও তাদের দূরে রাখা সম্ভব।

বক্তারা আশা প্রকাশ করেন, মাসব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে নতুন খেলোয়াড় তৈরি হবে এবং অংশগ্রহণকারী তরুণরা টেবিল টেনিসে নিজেদের দক্ষতা বিকাশের সুযোগ পাবে। প্রশিক্ষণ কর্মসূচি ঘিরে তরুণ খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

সর্বশেষ