কুমিল্লার চান্দিনা উপজেলার নবাবপুর বাজারে চাঁদা দাবির অভিযোগকে কেন্দ্র করে মুন্সী লাইব্রেরিতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চান্দিনা থানায় মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে মামলার এক নম্বর আসামিকে লুট হওয়া কিছু মালামালসহ গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।
ভুক্তভোগী দোকান মালিক আব্দুল কাইয়ুমের অভিযোগ, গত প্রায় তিন মাস ধরে স্থানীয় কয়েকজন ব্যক্তি নবাবপুর বাজারের মুন্সী লাইব্রেরিতে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদার টাকা না দেওয়ায় গত ৩১ আগস্ট ২০২৬ তারিখে একদল লোক দোকানে হামলা চালিয়ে মালামাল লুট করে নিয়ে যায়।
আব্দুল কাইয়ুমের দাবি, হামলায় দেলোয়ার, জাহিদ, রাব্বি, পাপ্পু, আরিফ, আর্মি মনির, রবিউল, সুজন, দিপ ও হাসানসহ অজ্ঞাতনামা আরও প্রায় ৩০ জন অংশ নেন। এ সময় দোকান থেকে প্রায় ৩১ লাখ ৪০ হাজার টাকার মালামাল লুট করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
ঘটনার দিন মামলার বাদী ও সাক্ষীদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগী দোকান মালিক।
এ ঘটনায় আব্দুল কাইয়ুম বাদী হয়ে চান্দিনা থানায় মামলা দায়ের করেন। মামলার নম্বর ৪। মামলায় দণ্ডবিধির ৩৮০ ও ৩৮৫ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার পর চান্দিনা থানা পুলিশ অভিযান চালিয়ে মামলার এক নম্বর আসামি দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে। তিনি চাঁদপুরের কচুয়া উপজেলার বাইছাড়া গ্রামের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে লুট হওয়া কিছু মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
চান্দিনা থানার তদন্ত কর্মকর্তা জানান, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তার এবং লুট হওয়া অবশিষ্ট মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে নবাবপুর বাজারের ব্যবসায়ীদের অভিযোগ, চাঁদাবাজির কারণে তারা দীর্ঘদিন ধরে আতঙ্ক ও অনিরাপত্তার মধ্যে ব্যবসা পরিচালনা করছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
মতামত দিন