সিলেট সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, ৪৭ লাখ ৭৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
সিলেট থেকে :সিলেটের গোয়াইনঘাটসহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৯ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর আওতাধীন সীমান্তবর্তী বাংলাবাজার, দমদমা প্রতাপপুর, কালাইরাগ, শ্রীপুর ও বিছনাকান্দি বিওপি এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা জিরা, গরু, চকলেট, কসমেটিকস ও সুপারি জব্দ করা হয়। পাশাপাশি বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় রসুন ও শিং মাছ আটক করা হয়েছে। জব্দ করা এসব চোরাচালানি পণ্যের আনুমানিক সিজার মূল্য ৪৭ লাখ ৭৬ হাজার টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করা হয়েছে।
তিনি আরও জানান, জব্দ করা মালামালের বিষয়ে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সীমান্তে চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।
মতামত দিন