• ২০২৬ সেপ্টেম্বর ২৬, শনিবার, ১৪৩৩ আশ্বিন ১১
  • সর্বশেষ আপডেট : ০৫:০৯ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

দিনাজপুরে বিশেষ শিশুদের হৃদরোগ পরীক্ষা করল চীনা চিকিৎসক দল

  • প্রকাশিত ০৫:০৯ অপরাহ্ন শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
দিনাজপুরে বিশেষ শিশুদের হৃদরোগ পরীক্ষা করল চীনা চিকিৎসক দল
টাইম বাংলা নিউজ
মোয়াজ্জেম হোসেন, দিনাজপুর জেলা প্রতিনিধি

‘একটি শিশুর সুস্থ হৃদয় একটি পরিবারে হাসি’—এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের হৃদরোগ পরীক্ষা করেছে চীনের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল।

চাইনিজ একাডেমি অব মেডিকেল সায়েন্সেসের অধীন ফুওয়াই ইউনান কার্ডিওভাসকুলার হাসপাতালের পেডিয়াট্রিক কার্ডিওলজি বিশেষজ্ঞরা ব্রেইন ফাউন্ডেশন দিনাজপুর পরিচালিত সাইনিং লাইফ স্কুলে এ কার্যক্রম পরিচালনা করেন।

এ সময় চিকিৎসকরা বিদ্যালয়ের শিশুদের অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি ও সমন্বিত পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরে স্কুলের ১৮ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর হৃদরোগের প্রাথমিক স্ক্রিনিং করা হয়।

পরীক্ষায় এক শিশুর হৃদ্‌যন্ত্রে সম্ভাব্য জটিলতা শনাক্ত হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

ব্রেইন ফাউন্ডেশন দিনাজপুরের সাধারণ সম্পাদক জামিরুল ইসলাম জানান, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও চীনের ফুওয়াই হাসপাতালের সহযোগিতায় ওই শিশুর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাসেবা বিনামূল্যে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

ব্রেইন ফাউন্ডেশন দিনাজপুর শাখার সভাপতি অধ্যাপক ডা. সারোয়ার মোর্শেদ এ উদ্যোগে অংশ নেওয়া দেশি-বিদেশি চিকিৎসক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান।

দিনাজপুর শহরের গাওসুল আযম চক্ষু হাসপাতালের বিপরীতে অবস্থিত ব্রেইন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিভিন্ন স্বাস্থ্যসেবা ও থেরাপি দিয়ে আসছে।

সর্বশেষ