*সাজেক বন্ধ, পর্যটকদের ফিরতে হবে মঙ্গলবারের মধ্যে।*
*উপশিরোনাম:* অবরোধে সড়কে আটকা পড়েন পর্যটকেরা | পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে পর্যটনকেন্দ্র।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হওয়া এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সাজেকে অবস্থানরত পর্যটকদের মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৫টার মধ্যে এলাকা ছেড়ে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার সন্ধ্যা ৭টার দিকে জেলা প্রশাসকের মিডিয়া সেল থেকে প্রকাশিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়। এতে জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষর রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেকের পর্যটন কার্যক্রম বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে রোববার সকাল ৬টা থেকে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকে অনির্দিষ্টকালের অবরোধ শুরু হয়। এতে সাজেক-দীঘিনালা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের বিভিন্ন স্থানে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় দুই দিক থেকে আসা পর্যটক ও যানবাহন মাঝপথে আটকা পড়ে।
সাধারণত সেনাবাহিনীর এসকর্টের মাধ্যমে দিনে দুই দফায় খাগড়াছড়ি থেকে সাজেকে পর্যটকদের যাতায়াতের ব্যবস্থা করা হয়। অবরোধের মধ্যে রোববার এক দফা এসকর্ট পরিচালনার উদ্যোগ নেওয়া হলেও পর্যটকদের বাধার মুখে পড়তে হয়। খাগড়াছড়ি থেকে সাজেকগামী পর্যটকেরা বাঘাইহাটের গঙ্গারাম উজোবাজার এলাকায় আটকা পড়েন। অন্যদিকে, সাজেক থেকে বের হওয়া পর্যটকেরা মাচালং এলাকায় আটকে থাকেন।
পরে প্রশাসনের সঙ্গে আলোচনা ও আশ্বাসের পর বিকেল ৫টার দিকে অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। এরপর সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের সহায়তায় আটকে পড়া পর্যটকেরা নিজ নিজ গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করেন।
অবরোধ প্রত্যাহার হলেও জেলা প্রশাসনের সিদ্ধান্তে সাজেকের পর্যটনকেন্দ্র বন্ধ থাকছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে সেখান থেকে পর্যটকদের ফিরে যেতে হবে।
মতামত দিন