নভেম্বরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিতে প্রস্তুত রূপপুর পারমানবিক কেন্দ্র
১৫ অক্টোবর ২০২৬, ০৮:১৭ এএম
আগামী নভেম্বরের মধ্যে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর আশা করছে সরকার। পাশাপাশি, ২০২৭ সালের জুনের মধ্যে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটে জ্বালানি লোডিং বা চুল্লি চালুর প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব তথ্য জানানো হয়। কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে জানানো হয়, রূপপুর প্রকল্পের প্রাথমিক ভৌত পরীক্ষা ও ক্রিটিক্যালিটি টেস্ট শুরু হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের সঙ্গে আলোচনার ভিত্তিতে নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর প্রত্যাশা করা হচ্ছে।
প্রকল্পটিকে তৃতীয় প্রজন্মের আধুনিক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হিসেবে উল্লেখ করে বৈঠকে বলা হয়, আন্তর্জাতিক মানদণ্ড ও বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে এর কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এ ছাড়া স্বাস্থ্য খাতে নিউক্লিয়ার মেডিসিনের সুবিধা জেলা পর্যায়ে সম্প্রসারণ এবং দেশের প্রথম গবেষণা জাহাজ নির্মাণের কাজ চলমান রয়েছে বলে সভায় জানানো হয়।
জাতীয় সংসদে অনুষ্ঠিত ওই বৈঠকে কমিটির সদস্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম ছাড়াও সংসদ সদস্য (এমপি) এ জেড এম রেজওয়ানুল হক, মো. আনোয়ারুল ইসলাম, মোহাম্মদ ফাহিম চৌধুরী, কে এম বাবর, সানসিলা জেবরিন, সালাহ উদ্দিন, মারদিয়া মমতাজ, এবং মো. আব্দুল গফুর প্রমুখ অংশগ্রহণ করেন। এ ছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।
মতামত দিন