• ২০২৬ অক্টোবর ১৯, সোমবার, ১৪৩৩ কার্তিক ৪
  • সর্বশেষ আপডেট : ০৭:১০ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

লালনের আখড়ায় টাইম বোমা, উৎসবের মধ্যে আতঙ্ক।*

  • প্রকাশিত ০৭:১০ অপরাহ্ন সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
লালনের আখড়ায় টাইম বোমা, উৎসবের মধ্যে আতঙ্ক।*
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*লালনের আখড়ায় টাইম বোমা, উৎসবের মধ্যে আতঙ্ক।* 

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ি থেকে একটি টাইম বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠান চলার মধ্যে এ ঘটনা ঘটায় সাধু-বাউল ও দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল বোমাটি নিষ্ক্রিয় করে।


পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাতে আখড়াবাড়ির প্রধান ফটকের ভেতরে ডান পাশে পানির ট্যাংকের পেছনে একটি সাদা ব্যাগ পড়ে থাকতে দেখে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়। খবর পেয়ে র‌্যাব ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল ঘিরে রাখেন।


সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে ঢাকা থেকে আসা পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা বোমাটি নিষ্ক্রিয় করেন। এটি টাইম বোমা বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট দল।


কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, রাতে সাধু-বাউলদের কাছ থেকে খবর পাওয়ার পর পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে। পরে সকালে বোমাটি নিষ্ক্রিয় করা হয়।


জেলা পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে বোমাটি রাখা হয়ে থাকতে পারে। এটি বিস্ফোরিত হলে বড় ধরনের অগ্নিকাণ্ডের আশঙ্কা ছিল বলেও জানান তিনি।


ঘটনার পর আখড়াবাড়ি ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বোমাটি কে বা কারা সেখানে রেখেছে, তা শনাক্ত করতে তদন্ত চলছে। লালন সাঁইয়ের তিরোধান দিবসের শেষ দিনের অনুষ্ঠান সামনে রেখে নিরাপত্তাব্যবস্থা আরও সতর্কতার সঙ্গে পরিচালনা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সর্বশেষ