*নিউইয়র্ক থেকে জাতিসংঘ সদর দপ্তর সরাতে চায় রাশিয়া, গন্তব্য সোচি।*
জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে রাশিয়ার পর্যটন নগরী সোচিতে স্থানান্তরের প্রস্তাব এখনো বহাল রেখেছে মস্কো। জাতিসংঘের স্বাগতিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক দায়িত্ব ও চুক্তি পালনের বিষয়টি নিয়ে অসন্তোষের প্রেক্ষাপটে এ প্রস্তাব দিয়েছে রাশিয়া।
রুশ সংবাদ সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থা সংক্রান্ত বিভাগের পরিচালক কিরিল লগভিনভ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, জাতিসংঘের স্বাগতিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক চুক্তি ও বাধ্যবাধকতা যথাযথভাবে পালন করছে কি না, সেটিই মূল বিবেচ্য বিষয়। এ কারণেই এক বছর আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ নিউইয়র্ক থেকে জাতিসংঘের সদর দপ্তর সোচিতে সরিয়ে নেওয়ার যে প্রস্তাব দিয়েছিলেন, তা এখনো বিবেচনায় রয়েছে।
তবে প্রস্তাবটি বাস্তবায়ন সহজ নয় বলেও স্বীকার করেছেন রুশ এই কূটনীতিক। তাঁর মতে, জাতিসংঘের মতো বৈশ্বিক প্রতিষ্ঠানের সদর দপ্তর স্থানান্তরে উন্নত অবকাঠামো, যোগাযোগ ও পরিবহনব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি কঠোর নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলতে হবে। এ ছাড়া পুরো প্রক্রিয়ায় বিপুল অর্থের প্রয়োজন হবে।
লগভিনভের দাবি, জাতিসংঘের স্বাগতিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে অসন্তোষ রয়েছে। তবে আর্থিক ও অবকাঠামোগত জটিলতার কারণে আপাতত সদর দপ্তর স্থানান্তরের কোনো সুনির্দিষ্ট উদ্যোগ বাস্তবায়নের সম্ভাবনা কম।
তিনি আরও বলেন, এত বড় একটি স্থানান্তর প্রক্রিয়া শুরু করার বিষয়ে বর্তমানে সংশ্লিষ্ট পক্ষগুলোর তেমন আগ্রহ নেই।
সূত্র: তাস।
মতামত দিন