• ২০২৬ নভেম্বর ০৫, বৃহস্পতিবার, ১৪৩৩ কার্তিক ২১
  • সর্বশেষ আপডেট : ০৭:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

উপকূলের নিরাপত্তায় নতুন উদ্যোগ, নৌবাহিনীর সঙ্গে প্রশিক্ষণে আনসার-ভিডিপি।*

  • প্রকাশিত ০৭:১১ অপরাহ্ন বৃহস্পতিবার, নভেম্বর ০৫, ২০২৬
উপকূলের নিরাপত্তায় নতুন উদ্যোগ, নৌবাহিনীর সঙ্গে প্রশিক্ষণে আনসার-ভিডিপি।*
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*উপকূলের নিরাপত্তায় নতুন উদ্যোগ, নৌবাহিনীর সঙ্গে প্রশিক্ষণে আনসার-ভিডিপি।* 


 *উপশিরোনাম:* ৬০ লাখ সদস্যকে জাতীয় নিরাপত্তায় কাজে লাগানোর উদ্যোগ আনসার-ভিডিপির।

উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা জোরদার, দুর্যোগ মোকাবিলা এবং উদ্ধার কার্যক্রমে সক্ষমতা বাড়াতে বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে যৌথ প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)। পর্যায়ক্রমে উপকূলীয় জেলাসহ দেশের অন্যান্য অঞ্চলেও এ প্রশিক্ষণ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

বুধবার (৪ নভেম্বর) পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে উপজেলা আনসার উচ্চতর প্রশিক্ষণ-১-এর সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানান বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতীয় নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা ও জনসেবায় আনসার-ভিডিপির প্রায় ৬০ লাখ সদস্যকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রশিক্ষণের মানোন্নয়ন, বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় এবং স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ বাড়ানো হচ্ছে।

মহাপরিচালক জানান, বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যৌথ প্রশিক্ষণের ধারাবাহিকতায় এবার প্রথমবারের মতো নৌবাহিনীর সঙ্গেও প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। প্রতিরক্ষা উপদেষ্টার দিকনির্দেশনায় সশস্ত্র বাহিনী বিভাগের সহযোগিতায় নেওয়া এ উদ্যোগের মাধ্যমে উপকূলীয় নিরাপত্তায় আনসার সদস্যদের আরও দক্ষ করে তোলা হবে।

তিনি বলেন, নৌবাহিনী, কোস্ট গার্ড, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার সক্ষমতা তৈরি করা হচ্ছে। বিশেষ করে জেলে ও মাছ ধরার নৌযানের নিরাপত্তা নিশ্চিত করা, উদ্ধার অভিযান পরিচালনা এবং দুর্যোগের সময় দ্রুত সাড়া দেওয়ার বিষয়ে সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে।

জাতীয় নিরাপত্তায় জনগণের অংশগ্রহণের বিষয়টি তুলে ধরে মহাপরিচালক বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত ‘পিপলস ওয়ারফেয়ার ডকট্রিন’ বা গণপ্রতিরক্ষা দর্শনের আলোকে বাহিনীর সদস্যদের সম্পৃক্ত করার কার্যক্রম এগিয়ে চলছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী সংস্কার কার্যক্রমেও দেশপ্রেম, শৃঙ্খলা, স্বেচ্ছাসেবা ও আত্মত্যাগের চেতনাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ প্রক্রিয়ায় সদস্যদের পাশাপাশি তাঁদের পরিবার ও স্থানীয় জনগোষ্ঠীকেও যুক্ত করা হচ্ছে।

আনসার সদস্যদের কর্মসংস্থান ও আর্থিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। জানান, কারিগরি দক্ষতা ও ভাষা শিক্ষার মাধ্যমে সদস্যদের দেশি-বিদেশি শ্রমবাজারের উপযোগী করে গড়ে তোলা হচ্ছে। জাপানি ভাষা প্রশিক্ষণের পাশাপাশি প্রান্তিক শক্তি লিমিটেডের সহযোগিতায় জাপান ও ইউরোপে কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক ও সঞ্জীবন প্রকল্পের মাধ্যমে সদস্যদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার কার্যক্রম চলছে।

বাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে সদস্যদের সমন্বিত তথ্যভাণ্ডার, কিউআর কোডভিত্তিক ডিজিটাল প্রশিক্ষণ সনদ, ডিজিটাল মনিটরিং, মাঠপর্যায়ে ডিজিটাল ফেসিয়াল অ্যাটেনডেন্স ও সিআরএম ব্যবস্থা চালুর কথা জানান মহাপরিচালক। পাশাপাশি বৃক্ষরোপণ, পরিচ্ছন্ন বাংলাদেশ কর্মসূচি, সামাজিক সচেতনতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও সদস্যদের সম্পৃক্ত করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রশিক্ষণ কার্যক্রমের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রশিক্ষণে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী একজনকে ক্রেস্ট এবং অন্য প্রশিক্ষণার্থীদের ডিজিটাল সনদ ও আনসার ব্যাংকের শেয়ার সার্টিফিকেট দেওয়া হয়।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর প্রতিনিধি, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের আমন্ত্রিত অতিথি এবং আনসার-ভিডিপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ