*টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে গুলিবিদ্ধ সেনাসদস্যের মৃত্যু ।*
কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানে সশস্ত্র সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্য। নিহত সৈনিকের নাম inমো. তিতাস শেখ (২৭)। এ ঘটনায় পাঁচ মানবপাচারকারীকে আটক করার পাশাপাশি জিম্মি দশা থেকে ৫৭ জনকে উদ্ধার করেছে যৌথ আভিযানিক দল।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার রঙ্গীখালী এলাকার দুর্গম পাহাড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই পাহাড়ি এলাকায় অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় যৌথ বাহিনী। সেখানে ১৫ থেকে ১৬ জনের একটি সশস্ত্র মানবপাচারকারী দল প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাঙালিকে জিম্মি করে রেখেছিল বলে তথ্য পাওয়া যায়।
এরপর সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ দল ঘটনাস্থলে পৌঁছালে সশস্ত্র পাচারকারীরা তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।
এ সময় বাম কাঁধে গুলিবিদ্ধ হন সৈনিক তিতাস শেখ। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রামুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর অবস্থার অবনতি হয়েছিল বলে জানা গেছে।
অভিযান শেষে ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি দেশীয় তৈরি বন্দুক ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটক করা হয় মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে। পাশাপাশি জিম্মি থাকা ৫৭ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
কর্তব্যরত অবস্থায় সেনাসদস্য তিতাস শেখের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তাঁর আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে বাহিনী।
মতামত দিন