*নদীর চরে দুই যুবকের গুলিবিদ্ধ লাশ, জোড়া হত্যার রহস্য খুঁজছে পুলিশ।*
খুলনার রূপসায় আঠারোবেকি নদীর তীর থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের একজনের কপালে এবং অন্যজনের থুতনিতে গুলির চিহ্ন রয়েছে। প্রাথমিক তদন্তে তারা খুলনার আলোচিত সন্ত্রাসী গ্রুপ ‘বি-কোম্পানির’ সদস্য বলে তথ্য পেয়েছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সিংহের চর এলাকায় নদীর পাড় থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, রূপসার রাজাপুর গ্রামের মো. আব্দুল্লাহর ছেলে মেহেদী হাসান সোহাগ (৩৫) এবং সিংহের চর এলাকার রেজাউল করিম ওরফে আলামিন (৩০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, নদীর তীরবর্তী চরে দুই যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে রূপসা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সেগুলো খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, দুই যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সোমবার সকালে অন্য কোথাও তাদের হত্যার পর মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়।
জোয়ারের পানিতে ভেসে সেগুলো সিংহের চরে এসে আটকে যায়।
পুলিশের প্রাথমিক তদন্তে নিহতদের সঙ্গে বি-কোম্পানি নামের একটি সন্ত্রাসী গ্রুপের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তবে হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ওসি জানান, জোড়া হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
মতামত দিন