• ২০২৬ নভেম্বর ০৭, শনিবার, ১৪৩৩ কার্তিক ২৩
  • সর্বশেষ আপডেট : ০১:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

মাদক কারবারিদের প্রতিশোধ! পুলিশ সদস্যের হাত-পা ভেঙে কাটল পায়ের রগ।

  • প্রকাশিত ০১:১১ অপরাহ্ন শনিবার, নভেম্বর ০৭, ২০২৬
মাদক কারবারিদের প্রতিশোধ! পুলিশ সদস্যের হাত-পা ভেঙে কাটল পায়ের রগ।
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*মাদক কারবারিদের প্রতিশোধ! পুলিশ সদস্যের হাত-পা ভেঙে কাটল পায়ের রগ।* 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক কারবারে বাধা দেওয়ার জেরে এক পুলিশ সদস্যকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় মাদক কারবারিদের বিরুদ্ধে। হামলায় তার দুই হাত-পা ভেঙে দেওয়া হয়েছে। পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগও পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য আবুল কালাম (৩৫) হবিগঞ্জে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কর্মরত। ছুটিতে বাড়িতে এসে তিনি হামলার শিকার হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করেন।

পরিবারের অভিযোগ, বাড়ির আশপাশে মাদক ব্যবসা ও মাদক সেবনের আসর বসার প্রতিবাদ করতেন আবুল কালাম। সম্প্রতি মাদক কারবারি হিসেবে অভিযুক্ত শাহাদাত হোসেন (৩২) ও এমদাদুল হককে (২৯) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে সহযোগিতা করেন তিনি। এর জেরেই তাদের সহযোগীরা পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালিয়েছে।

আহত পুলিশ সদস্যের বোন সুমাইয়া আক্তার জানান, বৃহস্পতিবার রাতে শাহাদাত ও এমদাদের লোকজন তার ভাইয়ের ওপর হামলা চালায়। এ সময় তাকে মারধর করে হাত-পা ভেঙে দেওয়া হয় এবং ধারালো অস্ত্র দিয়ে পায়ের রগ কেটে দেওয়া হয়।

আবুল কালামের বাবা আবদুল মালেকের দাবি, ঘটনার রাতে শাহজালাল নামে এক ব্যক্তি তার ছেলেকে ফোন করে বিলের কাছে ডেকে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পরই তার ওপর হামলা হয়। ছেলের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাহউদ্দিন বলেন, আবুল কালাম হবিগঞ্জ জেলায় এপিবিএন সদস্য হিসেবে কর্মরত। ছুটিতে বাড়িতে এসে মাদক কারবারিদের হামলায় আহত হয়েছেন বলে তারা জানতে পেরেছেন। তবে এ ঘটনায় এখনো থানায় কেউ লিখিত অভিযোগ করেননি।

সর্বশেষ