কুষ্টিয়া সরকারি কলেজে ডিবি পুলিশের ওপর হামলা, মামলা দায়ের
কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।বুধবার (১১ নভেম্বর) সকালে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযানে যায় ডিবি পুলিশের একটি দল। সেখানে অভিযান পরিচালনাকালে অবস্থানরত মাদকসেবীদের সঙ্গে ডিবি সদস্যদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে হামলা চালিয়ে ডিবি পুলিশের তিন সদস্যকে আহত করা হয়।
আহতরা হলেন ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) জনি, এসআই জিহাদ ও কনস্টেবল ইমরান। ঘটনার পরপরই তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) রকিব উদ্দিন জনি বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি দায়ের করেন। তবে তদন্তের স্বার্থে এজাহারভুক্ত ১৫ আসামির নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি পুলিশ।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিষয়টি নিয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) আমিনুল ইসলাম জানান, মাদক উদ্ধারে গেলে ডিবি পুলিশের ওপর অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনাটি ঘটে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে।
মতামত দিন