দৌলতপুরে এনসিপি নেত্রী ও এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোলবোমা হামলা
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরের পৈতৃক বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টার পর উপজেলার বাগোয়ান গ্রামে অবস্থিত তাঁর স্থায়ী বাসভবনে এই হামলার ঘটনা ঘটে।
হামলায় বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি গবাদিপশু দগ্ধ হয়ে মারা গেছে। এ সময় বাড়িতে থাকা নুসরাত তাবাসসুমের বাবা-মা, দুই ভাবি ও চাচাতো ভাই-বোনসহ পরিবারের সদস্যরা কমবেশি আহত হয়েছেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১২টার পর মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা রাস্তা থেকে বাড়িটি লক্ষ্য করে পরপর চারটি পেট্রোলবোমা নিক্ষেপ করে। এর মধ্যে দুটি বোমা বসতঘরের টিনের চালে, একটি গবাদিপশুর শেডে এবং অপরটি বাড়ির উঠানে পড়ে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে গবাদিপশুর শেডটি পুড়ে যায় এবং ভেতরে থাকা কয়েকটি পশু দগ্ধ হয়ে মারা যায়। খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
ঘটনার পরপরই বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে হামলার বিষয়টি জানান সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। পোস্টে তিনি লেখেন, "বাড়িতে পেট্রোলবোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।"
এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে নুসরাত তাবাসসুমের ছোট ভাই আবির ইশতিয়াক জানান, প্রথমে ঘটনাটি সাধারণ অগ্নিকাণ্ড বলে মনে হলেও বাড়ির সিসিটিভি ফুটেজে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের চারটি পেট্রোলবোমা নিক্ষেপের দৃশ্য ধরা পড়েছে। ফুটেজ বিশ্লেষণ করলে জড়িতদের শনাক্ত করা সম্ভব হবে বলে তিনি দাবি করেন। রাজনৈতিকভাবে কণ্ঠরোধের উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাঁর ফেসবুক অ্যাকাউন্টে এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করে হামলার জন্য আওয়ামী লীগের সন্ত্রাসীদের দায়ী করেছেন।
তবে হামলার কারণ ও জড়িতদের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য দেয়নি পুলিশ। এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, বাড়িতে কীভাবে আগুন লেগেছে তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে; তদন্ত সাপেক্ষে আগুনের প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
মতামত দিন