• ২০২৬ নভেম্বর ১৮, বুধবার, ১৪৩৩ অগ্রহায়ণ ৪
  • সর্বশেষ আপডেট : ০৬:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

জুলাইয়ের হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন।

  • প্রকাশিত ০৮:১১ অপরাহ্ন বুধবার, নভেম্বর ১৮, ২০২৬
জুলাইয়ের হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন।
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*জুলাইয়ের হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন।* 


 *উপশিরোনাম:* হত্যা মামলায় সাঈদ খোকন গ্রেপ্তার হয়েছেন। অর্থপাচারের অভিযোগে দুদকের মামলাও রয়েছে তার বিরুদ্ধে।

রাজধানীর বারিধারার একটি বাসা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগে (ডিবি) হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী। ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলামও সাঈদ খোকনকে তাঁদের হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, জুলাই আন্দোলন-সংশ্লিষ্ট পল্টন থানার একটি হত্যা মামলায় সাঈদ খোকনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে মামলাটির বাদী ও ঘটনার বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁর বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন।

এদিকে সাঈদ খোকনের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও অর্থপাচারের অভিযোগেও আইনি কার্যক্রম চলমান রয়েছে। ২০২৫ সালের ১৩ নভেম্বর তাঁর বিরুদ্ধে প্রায় ৫৪ কোটি টাকা অর্থপাচারের অভিযোগে মামলার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলায় তাঁর বোন শাহানা হানিফ ও পরিবারের একজন কর্মচারীকেও আসামি করার কথা জানানো হয়েছিল।

এর আগে ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি আদালতের নির্দেশে সাঈদ খোকন ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়। একই সঙ্গে সাঈদ খোকন, তাঁর মা শাহানা হানিফ, স্ত্রী ফারহানা সাঈদ ও ভাই জাবেদ আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, সাঈদ খোকন ২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। পরবর্তী সময়ে আওয়ামী লীগের মনোনয়নে ঢাকা-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর তদন্ত ও বিচারিক কার্যক্রমের মধ্যেই নতুন করে গ্রেপ্তারের ঘটনা ঘটল।

সর্বশেষ