জিকে খাল সচল হলে দূর হবে সেচসংকট, বাড়বে উৎপাদন: পানিসম্পদ প্রতিমন্ত্রী
গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পের খাল পুনঃখননের মাধ্যমে কুষ্টিয়াসহ আশপাশের এলাকার কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, খালগুলো সংস্কার ও পুনঃখননের মাধ্যমে সচল করা হলে প্রায় এক লাখ হেক্টর কৃষিজমি সেচের আওতায় আসবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়িয়া এলাকায় জিকে খাল পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে অনেক খাল ভরাট ও নাব্যতা হারানোর কারণে কৃষকরা প্রয়োজনীয় সেচ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। খনন ও পুনঃখননের মাধ্যমে খালগুলোর পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা হবে। এতে খালগুলো পুনরুজ্জীবিত হওয়ার পাশাপাশি কৃষিজমিতে সেচের পানির প্রাপ্যতা বাড়বে এবং সব ধরনের ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে।
তিনি আরও উল্লেখ করেন, খালগুলো সচল হলে কৃষকদের দীর্ঘদিনের সেচসংকট অনেকাংশে দূর হবে। একইসঙ্গে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি এবং কৃষি খাতে পানির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করাও সম্ভব হবে।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা, জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন, কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদদৌলা, উপ-বিভাগীয় প্রকৌশলী সিফাত আল সিয়াম ও সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম। এ ছাড়া কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহম্মেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফরে আসার কথা রয়েছে। ওই সফরে তিনি খাল খনন কর্মসূচির উদ্বোধন ও ফ্যামিলি কার্ড বিতরণসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রীর আসন্ন সফরকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা কুষ্টিয়া জেলা পরিদর্শন করছেন।
মতামত দিন