*নয় মাসের বন্দিজীবন শেষে আরাকান আর্মির বন্দিশালা থেকে ফিরলেন ৪১ জেলে।*
*উপশিরোনাম:* নির্যাতন-অনাহার ও জোরপূর্বক শ্রমের বন্দিদশা পেরিয়ে বিজিবির প্রচেষ্টায় ফিরলেন ৪১ জেলে।
মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে বিভিন্ন সময়ে আটক হওয়া ৪১ বাংলাদেশি জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফের জালিয়াপাড়া ট্রানজিট ঘাট দিয়ে তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়। বিজিবির ধারাবাহিক কূটনৈতিক ও যোগাযোগ প্রচেষ্টার পর তাঁদের মুক্ত করা সম্ভব হয়েছে।
টেকনাফ বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট জেটিঘাটে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। এ সময় বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিজিবি অধিনায়ক জানান, বঙ্গোপসাগরে মাছ ধরার সময় সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগে বিভিন্ন সময়ে এসব জেলেকে আটক করে আরাকান আর্মি। তাঁদের মধ্যে কয়েকজন প্রায় এক বছর ধরে বন্দি ছিলেন। বিজিবির পক্ষ থেকে ধারাবাহিক যোগাযোগ ও আলোচনার মাধ্যমে তাঁদের ফিরিয়ে আনা হয়েছে।
ফেরত আসা জেলেদের অভিযোগ, বন্দিদশায় তাঁদের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে। পর্যাপ্ত খাবার ও চিকিৎসাসেবাও দেওয়া হয়নি। এমনকি জোরপূর্বক শ্রমে বাধ্য করার অভিযোগও করেছেন তাঁরা।
মুক্তি পাওয়া জেলেদের একজন টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়ার বাসিন্দা আবুল হোসেন (৬০)। তিনি জানান, প্রায় নয় মাস আরাকান আর্মির বন্দিশালায় থাকতে হয়েছে তাঁকে।
আবুল হোসেন বলেন, পাঁচজন মাঝিমাল্লা নিয়ে সেন্টমার্টিনের পূর্ব পাশে মাছ ধরতে গেলে আরাকান আর্মির সদস্যরা ধাওয়া করে তাঁদের আটক করে নিয়ে যায়। বন্দি অবস্থায় প্রতিদিন প্রায় সাত ঘণ্টা শ্রমিকের কাজ করতে বাধ্য করা হতো। কাজ করতে অস্বীকৃতি জানালে মারধর করা হতো। সারাদিনে খাবার হিসেবে দেওয়া হতো মাত্র একবেলা ভাত। এভাবেই দীর্ঘ সময় মানবেতর জীবন কাটাতে হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী জানান, আরাকান আর্মির হেফাজতে থাকা ৪১ জেলেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এখনো সেখানে আটক থাকা অন্য জেলেদেরও ফিরিয়ে আনতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। দেশে ফেরত আসা জেলেদের প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরে বিভিন্ন সময়ে মিয়ানমার থেকে মোট ৩২৩ জন বাংলাদেশি জেলেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তাঁদের অধিকাংশই গভীর সমুদ্রে মাছ শিকার শেষে ফেরার পথে আটক হয়েছিলেন। এখনো আটক থাকা অন্য জেলেদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে।
মতামত দিন