*পদ্মের ডাঁটায় ১০ লাখ টাকার শাড়ি, বিশ্ববাজারে সম্ভাবনা থাকলেও থমকে উৎপাদন।*
*উপশিরোনাম:* ফরিদপুরের রণকাইল বিলে নারীদের হাতে তৈরি দুর্লভ ‘লোটাস সিল্ক’; অর্থায়ন ও পৃষ্ঠপোষকতার অভাবে বন্ধ উৎপাদন প্রকল্প পুনরায় চালুর অপেক্ষা।
প্রকৃতির উপহার পদ্মফুল। সাধারণত সৌন্দর্য আর জলজ পরিবেশের অংশ হিসেবেই পরিচিত এই ফুলের ডাঁটা হতে পারে কোটি টাকার সম্ভাবনাময় শিল্পের কাঁচামাল। পদ্মের ডাঁটা থেকে তৈরি হচ্ছে অত্যন্ত মিহি ও দুর্লভ সুতা, যার আন্তর্জাতিক পরিচিতি ‘লোটাস সিল্ক’। এই সুতা দিয়ে তৈরি একটি শাড়ির দাম ১০ লাখ টাকা পর্যন্ত, আর একটি শার্টের মূল্য প্রায় পাঁচ লাখ টাকা। বিশ্ববাজারে বিলাসবহুল পোশাকের চাহিদাকে কাজে লাগাতে পারলে বাংলাদেশের রপ্তানি আয়েও যুক্ত হতে পারে নতুন সম্ভাবনাময় খাত।
দেশে এই বিশেষ সুতা তৈরির কৌশল উদ্ভাবন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পদ্ম গবেষক শিকদার আবুল কালাম সামসুদ্দীন। ২০২২ সালে তাঁর উদ্যোগে ফরিদপুরের কানাইপুরের রণকাইল গ্রামের ১০ নারীকে প্রশিক্ষণ দিয়ে শুরু হয় পরীক্ষামূলক উৎপাদন। মাত্র তিন দিনের প্রশিক্ষণেই নারীরা পদ্মের ডাঁটা থেকে সুতা তৈরির প্রাথমিক দক্ষতা অর্জন করেন। পরবর্তী সময়ে নিয়মিত চর্চায় তাঁরা তৈরি করেন উন্নত মানের মিহি সুতা।
বেসরকারি গবেষণা সংস্থা বেঙ্গল প্ল্যান্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের (বিপিআরডি) ‘পদ্মফুলের বৈচিত্র্য, ব্যবহার উপযোগিতা ও সংরক্ষণ’ প্রকল্পের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছিল। উৎপাদিত সুতা দিয়ে সোনারগাঁয়ের দক্ষ তাঁতিদের মাধ্যমে জামদানি বুননে তৈরি করা হয় দৃষ্টিনন্দন স্কার্ফ ও কাপড়।
*লাখ টাকার সুতা, বিলাসবহুল পোশাকে ব্যবহার*
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, এক কেজি লোটাস সুতার দাম প্রায় চার লাখ ৩০ হাজার টাকা। এই সুতা দিয়ে তৈরি কাপড়ের প্রতি গজের মূল্য প্রায় এক লাখ ২৪ হাজার টাকা। একটি শাড়ির দাম ১০ লাখ টাকার বেশি এবং একটি শার্টের দাম প্রায় পাঁচ লাখ টাকা।
বিশ্বের বিলাসবহুল পোশাকের বাজারে লোটাস সিল্কের বিশেষ কদর রয়েছে। ইউরোপের বিভিন্ন ধনী দেশে এর চাহিদা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ফলে পরিকল্পিত উৎপাদন, মান নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক বাজারজাতকরণ নিশ্চিত করা গেলে এটি বাংলাদেশের জন্য সম্ভাবনাময় রপ্তানি পণ্য হয়ে উঠতে পারে।
*রণকাইল পদ্মবিল হতে পারে শিল্পের কাঁচামালের উৎস*
ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে প্রায় ৬০০ একর এলাকাজুড়ে বিস্তৃত চাপাই বিল, স্থানীয়ভাবে যা রণকাইল পদ্মবিল নামে পরিচিত। প্রতিবছর বর্ষায় পুরো বিল পদ্মফুলে ছেয়ে যায়। সৌন্দর্য উপভোগ করতে এখানে ভিড় করেন দর্শনার্থীরা। স্থানীয় মানুষের কাছে বিলটি এত দিন মাছ আহরণ এবং মৌসুমি কৃষিকাজের উৎস হিসেবেই পরিচিত ছিল। কিন্তু পদ্মের ডাঁটা থেকে মূল্যবান সুতা তৈরির সম্ভাবনা সেই পরিচিতিতে নতুন মাত্রা যোগ করেছে।
পদ্মের ডাঁটা ভেঙে দুই অংশ আলাদা করলে মাঝখান থেকে বেরিয়ে আসে আঠালো আঁশ। দক্ষ কারিগররা সেই আঁশ হাতে পাকিয়ে অত্যন্ত সূক্ষ্ম সুতা তৈরি করেন। পুরো প্রক্রিয়াটিই শ্রমনির্ভর এবং এতে বিশেষ দক্ষতার প্রয়োজন হয়।
*পৃষ্ঠপোষকতার অভাবে থেমে যায় প্রকল্প*
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) ফরিদপুর জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. আহসান কবির বাসসকে জানান, ২০২২ সালে পদ্মফুলের বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে গবেষণার অংশ হিসেবে রণকাইল গ্রামের ১০ নারীকে লোটাস সিল্ক তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়। পদ্ম গবেষক শিকদার আবুল কালাম সামসুদ্দীনের তত্ত্বাবধানে কার্যক্রমটি শুরু হলেও অর্থায়ন ও পৃষ্ঠপোষকতার অভাবে মাত্র এক মাসের মাথায় বন্ধ হয়ে যায়।
তিনি জানান, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) শিগগিরই শিকদার আবুল কালাম সামসুদ্দীনের তত্ত্বাবধানে প্রকল্পটি পুনরায় চালুর পরিকল্পনা নিয়েছে।
প্রশিক্ষণ পাওয়া নারীদের একজন শেফালী রানী (৪৫) জানান, প্রশিক্ষণের সময় তাঁরা প্রতিদিন ৫০০ টাকা মজুরি পেতেন। কাজটি তাঁদের স্বাবলম্বী হওয়ার নতুন পথ দেখিয়েছিল। কিন্তু কিছুদিন পর কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় সেই সুযোগ আর এগোয়নি। প্রকল্পটি চালু হলে তাঁরা আবার কাজ করতে চান।
আরেক প্রশিক্ষণার্থী কাকলি বিশ্বাস (৩৫) বলেন, পদ্মের ডাঁটা ছোট ছোট করে কেটে মাঝখান থেকে বের হওয়া আঠালো আঁশ হাতে পাকিয়ে ববিনে পেঁচিয়ে সুতা তৈরি করতেন তাঁরা। প্রতি সপ্তাহে এসে সংশ্লিষ্ট ব্যক্তিরা তৈরি সুতা সংগ্রহ করে নিয়ে যেতেন। মাত্র এক মাস কাজ করার পর প্রকল্পটি বন্ধ হয়ে যায়। আবার কার্যক্রম শুরু হলে তাঁদের আগের অভিজ্ঞতা কাজে লাগবে এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
*রাষ্ট্রীয় উদ্যোগ চান স্থানীয়রা*
স্থানীয় বাসিন্দা প্রকাশ বিশ্বাসের মতে, রণকাইল পদ্মবিলের এমন অর্থনৈতিক সম্ভাবনা সম্পর্কে আগে তাঁদের ধারণা ছিল না। পরিকল্পিতভাবে এই সম্পদ কাজে লাগানো গেলে এলাকার বহু মানুষের কর্মসংস্থান হতে পারে।
আরেক বাসিন্দা অমর কুমার বিশ্বাস বলেন, তাঁরা এত দিন বিলের মাছ ধরে জীবিকা নির্বাহ করেছেন। বর্ষায় পদ্মফুল দেখতে আসা পর্যটকদের ঘুরিয়ে দেখিয়েও কিছু আয় করেন। অথচ এই পদ্মের ডাঁটা দিয়ে এত মূল্যবান সুতা তৈরি সম্ভব, তা তাঁদের জানা ছিল না। বিলটি সংরক্ষণ ও এর সম্ভাবনা কাজে লাগাতে সরকারি উদ্যোগ প্রয়োজন।
সম্প্রতি ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইবনে ইউসুফ চাপাই বিল পরিদর্শন করে পদ্মের ডাঁটা থেকে সুতা তৈরির প্রক্রিয়া প্রত্যক্ষ করেন। দেশীয় এই উদ্ভাবনকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা এবং পদ্মবিলের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সংশ্লিষ্টদের মতে, লোটাস সিল্কের বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগাতে হলে নিয়মিত প্রশিক্ষণ, কারিগরি সহায়তা, উৎপাদন অবকাঠামো ও বাজার সম্প্রসারণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। পাশাপাশি পদ্মবিলের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করাও জরুরি। এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে রণকাইলের পদ্মবিল ঘিরে নারীদের কর্মসংস্থান, গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং বাংলাদেশের রপ্তানি পণ্যে নতুন সংযোজনের সুযোগ তৈরি হতে পারে।
মতামত দিন