• ২০২৬ মার্চ ০৭, শনিবার, ১৪৩২ ফাল্গুন ২৩
  • সর্বশেষ আপডেট : ০৮:০৩ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কানাইঘাটে অটো রাইস মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি

  • প্রকাশিত ১১:০৩ পূর্বাহ্ন শনিবার, মার্চ ০৭, ২০২৬
কানাইঘাটে অটো রাইস মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি
file
শহীদুর রহমান জুয়েল সিলেট জেলা প্রতিনিধি

কানাইঘাটে অটো রাইস মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি


কানাইঘাট (সিলেট) প্রতিনিধি

সিলেটের কানাইঘাট পৌরসভা এলাকায় অবস্থিত রফরফ অটো রাইস মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে মিলটির অফিস কক্ষসহ বিভিন্ন স্টোর রুম পুড়ে গিয়ে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


বৃহস্পতিবার (০৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে রফরফের দুইতলা বিশিষ্ট ভবনের অফিস কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত মেশিনারিজ স্টোর, ইলেকট্রনিক স্টোর ও স্টক রুমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।


প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর মিলের কর্মচারী ও আশপাশের লোকজন প্রথমে নিজেরাই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে এবং দীর্ঘ সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।


অগ্নিকাণ্ডে মিলটির অফিস কক্ষ, মেশিনারিজ স্টোর, ইলেকট্রনিক স্টোর ও স্টক রুমের অধিকাংশ মালামাল পুড়ে যায়। এতে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ, মোটর, কন্ট্রোল প্যানেল, বৈদ্যুতিক সরঞ্জাম, অফিস আসবাবপত্র, কম্পিউটার এবং প্রয়োজনীয় নথিপত্র আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি স্টকে থাকা উল্লেখযোগ্য পরিমাণ ধান ও চালও নষ্ট হয়ে গেছে।

মিল কর্তৃপক্ষের প্রাথমিক হিসাব অনুযায়ী, মেশিনারিজ, ইলেকট্রনিক যন্ত্রপাতি, স্টোরে সংরক্ষিত যন্ত্রাংশ, অফিস সরঞ্জাম এবং ধান-চালের মজুদসহ প্রায় ১ কোটি ৫০ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে। তবে তদন্ত শেষে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।


মিলটির ব্যবস্থাপনা পরিচালক মারূফ জাকির বলেন, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। মুহূর্তের মধ্যেই সব পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।


এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান শাকিল।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। পরে আগুন নিয়ন্ত্রণে এলে ফিরে আসি। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।


ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার কারণ এখনো নিশ্চিতভাবে নির্ধারণ করা যায়নি।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে রফরফ অটো রাইস মিলের উৎপাদন কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে।

সর্বশেষ