• ২০২৬ মার্চ ১৪, শনিবার, ১৪৩২ ফাল্গুন ৩০
  • সর্বশেষ আপডেট : ০৩:০৩ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

নিহত বর সাব্বিরসহ ৯ জনের জানাজা ও দাফন সম্পন্ন।

  • প্রকাশিত ০৩:০৩ অপরাহ্ন শনিবার, মার্চ ১৪, ২০২৬
নিহত বর সাব্বিরসহ ৯ জনের জানাজা ও দাফন সম্পন্ন।
file
হাসিনুর রহমান হাসু। টাইম বাংলা নিউজ ডেস্ক।

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বর সাব্বিরসহ ৯ জনের জানাজা ও দাফন সম্পন্ন।

বাগেরহাটের রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত বর সাব্বিরসহ তার পরিবারের ৯ সদস্যের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) জুম্মার নামাজের পর রামপাল উপজেলা পরিষদ মাঠে তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে বিকেল সোয়া ৩টার দিকে পৌর কবরস্থানে দাফন প্রক্রিয়া শুরু হয়।

জানাজার নামাজে স্থানীয় সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলামসহ জেলা ও উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং হাজারো সাধারণ মানুষ জানাজায় অংশ নিয়ে নিহতদের প্রতি শেষ শ্রদ্ধা জানান।

দাফন কার্যক্রমে প্রথমে সমাহিত করা হয় পরিবারপ্রধান আ. রাজ্জাককে। এরপর পর্যায়ক্রমে পরিবারের অন্য সদস্যদের দাফন সম্পন্ন করা হয়।

জানাজাপূর্ব বক্তব্যে প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, “বাংলাদেশের ইতিহাসে এটি একটি হৃদয়বিদারক দুর্ঘটনা। প্রধানমন্ত্রী নিহত পরিবারের খোঁজ নিয়েছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। আব্দুর রাজ্জাক একজন সজ্জন ব্যক্তি ছিলেন। আমি তারসহ সকল নিহতের রুহের মাগফিরাত কামনা করছি।

এ সময় জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, নিহতদের পরিবারকে জেলা প্রশাসনের ত্রাণ তহবিল, জেলা পরিষদ এবং সড়ক পরিবহন আইনের আওতায় আর্থিক সহায়তা দেওয়া হবে। ইতোমধ্যে নিহত মাইক্রোবাস চালকের পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

এদিকে দুর্ঘটনায় কনের পক্ষ থেকেও চারজন নিহত হয়েছেন। তারা হলেন—নববধূ মার্জিয়া আক্তার (মিতু), তার ছোট বোন লামিয়া আক্তার, দাদি রাশিদা বেগম এবং নানি আনোয়ারা বেগম। তাদের বাড়ি খুলনার কয়রা উপজেলার নকশা গ্রামে।

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে খুলনা-মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় নৌবাহিনীর একটি স্টাফ বাস ও যাত্রীবাহী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বর-কনেসহ ১৪ জন নিহত হন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই বৃহস্পতিবার দিবাগত রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


সর্বশেষ