• ২০২৬ মার্চ ২৬, বৃহস্পতিবার, ১৪৩২ চৈত্র ১২
  • সর্বশেষ আপডেট : ০৩:০৩ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

গোরস্তানের জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত, আহত ৭।

  • প্রকাশিত ০৩:০৩ অপরাহ্ন বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬
গোরস্তানের জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত, আহত ৭।
file
হাসিনুর রহমান হাসু। জেলা প্রতিনিধি, টাংগাইল।

গোরস্তানের জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত, আহত ৭।

কালিহাতী (টাঙ্গাইল) | ২৫ মার্চ ২০২৬।

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় গোরস্তানের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরে দুই পরিবারের সংঘর্ষে নাইম সওদাগর (১৮) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন।

নিহত নাইম সওদাগর স্থানীয় ওসমান সওদাগরের ছেলে এবং হাতিয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র। বুধবার (২৫ মার্চ) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রামদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রামদেবপুর দক্ষিণপাড়া গোরস্তানের জমি নিয়ে সওদাগর ও সিকদার পরিবারের মধ্যে প্রায় আড়াই মাস ধরে বিরোধ চলছিল। এর আগে একাধিকবার ঝগড়া ও হামলার ঘটনা ঘটে। স্থানীয় চেয়ারম্যানের উপস্থিতিতে সমাধানের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। এমনকি বিরোধের জেরে পবিত্র ঈদুল ফিতরে দুই পক্ষ আলাদাভাবে জামাতে নামাজ আদায় করে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় আবারও দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। পরদিন বুধবার সকালে বিরোধ চরমে পৌঁছালে কয়েক দফা সংঘর্ষ শুরু হয়।

একপর্যায়ে নাইম সওদাগর দেশীয় অস্ত্রসহ দলবল নিয়ে প্রতিপক্ষ সিকদার পরিবারের হামিদ মন্ডলের বাড়িতে হামলা চালায়। এ সময় সিকদার পরিবারের লোকজন পাল্টা হামলা করলে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।

গুরুতর আহত অবস্থায় নাইম সওদাগরকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আহতদের মধ্যে সওদাগর পরিবারের মাজাহারুল ইসলাম (১৮), সাকিল সওদাগর (২৩) ও বক্কর সওদাগর (২০) এবং সিকদার পরিবারের হবিবর রহমান সিকদার (৪৫), তার বাবা আ. আজিজ সিকদার (৭৬), মামুন সিকদার (৩৫) ও হাফিজুর সিকদার (৩১) রয়েছেন। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত হবিবর রহমান সিকদারকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জেওএম তৌফিক আজম জানান, গোরস্তানের জমি নিয়ে দুই পরিবারের সংঘর্ষে একজন নিহত হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।


সর্বশেষ