যথাযোগ্য মর্যাদায় ভালুকায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
ময়মনসিংহের ভালুকায় যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভসূচনা করা হয়। এরপর মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে ভালুকা সরকারি কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বর্ণাঢ্য কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে পরিবেশকে প্রাণবন্ত করে তোলে।
ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালুকা উপজেলার আমির সাইফ উল্লাহ পাঠান ফজলু, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সদস্য সচিব ডা. জাহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসাইন, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহিদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে কুচকাওয়াজ ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও দিনব্যাপী নানা কর্মসূচি ও আয়োজনের মধ্য দিয়ে ভালুকায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়।
মতামত দিন