নিজেদের লোকজন দিয়ে হল ভরিয়ে ‘হাউজফুল’ দেখানোর চেষ্টা করে লাভ কী?
টাইম বাংলা বিনোদন নিউজ ডেস্ক ;
ক্যাপশনটি ভালো লেগেছে, তবে একটি প্রশ্ন থেকেই যায়—যদি পর্যাপ্ত বাজেট না থাকে, তাহলে সিনেমা নির্মাণে নামার প্রয়োজন কী?
আজকাল অনেক সময় সিনেমার স্ক্রিপ্ট আর নাটকের স্ক্রিপ্টের মধ্যে পার্থক্য করাটাই কঠিন হয়ে পড়ে। বাজেট কি শুধু টেকনিশিয়ান, ক্যামেরা কিংবা শিল্পীদের পারিশ্রমিকের মধ্যেই সীমাবদ্ধ? গল্পের প্রয়োজনে উপযুক্ত লোকেশন না পাওয়া গেলে সেট নির্মাণও তো একটি কার্যকর সমাধান। একটি মানসম্মত জমিদার বাড়ির সেট তৈরির খরচ অনেক সময় একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্রের বাজেটের মধ্যেই সম্ভব।
কিন্তু যদি টেলিফিল্মের বাজেট নিয়ে সিনেমা বানানোর চেষ্টা করা হয়, তাহলে সীমাবদ্ধতা চোখে পড়বেই, আর সেটাই শেষ পর্যন্ত দর্শকের হাস্যরসের বিষয় হয়ে দাঁড়ায়। ভালো গল্পের সঙ্গে প্রয়োজন যথাযথ বাজেট, পরিকল্পনা এবং প্রযুক্তির সঠিক ব্যবহার। এসবের সমন্বয় ঘটাতে পারলে দর্শক অবশ্যই চলচ্চিত্রকে সাদরে গ্রহণ করবে।
অন্যথায় নিজেদের লোকজন দিয়ে হল ভরিয়ে ‘হাউজফুল’ দেখানোর চেষ্টা করে লাভ কী? বাস্তবতা যদি হয় একটি হলে মাত্র দুই-তিনজন দর্শক, তাহলে সেই বিব্রতকর পরিস্থিতির দায় কার? আরও বিস্ময় লাগে, যখন কিছু ইউটিউবার কিংবা ইলেকট্রনিক মিডিয়ার কিছু মুখ ডেকে এনে এমনভাবে সাক্ষাৎকার নেওয়া হয় যেন সিনেমাটি অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে।
সিনেমার সবচেয়ে বড় বিচারক শেষ পর্যন্ত দর্শকই। তাই প্রচারণার চেয়ে নির্মাণের মানেই বেশি গুরুত্ব পাওয়া উচিত।
মতামত দিন