"জনস্বার্থে পরিবেশ দূষণের অভিযোগে পাঁচদোনায় কেমিক্যাল কোম্পানিতে মোবাইল কোর্ট, ২৫ হাজার টাকা জরিমানা"
টাইম বাংলা নিউজ,নরসিংদী, জেলা প্রতিনিধি ২২ জুলাই২০২৬:
পরিবেশ দূষণ ও জলাশয়ে রাসায়নিক বর্জ্য ছড়িয়ে মাছ মারা যাওয়ার অভিযোগে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা এলাকায় অবস্থিত বায়োকেম কেমিক্যাল কর্পোরেশন-এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ড্রেইনেজ লাইন বন্ধ এবং পরিবেশগত ছাড়পত্র গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (২২ জুলাই ২০২৬) পরিচালিত এ অভিযানে স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে কারখানাটি পরিদর্শন করা হয়। অভিযোগ ছিল, কারখানার কেমিক্যাল ড্রাম থেকে নির্গত রাসায়নিক পদার্থ আশপাশে ছড়িয়ে পড়ায় মাছ মারা যাচ্ছে এবং পরিবেশ দূষিত হচ্ছে।
পরিদর্শনে দেখা যায়, কেমিক্যাল ড্রামগুলো যথাযথভাবে সংরক্ষণ করা হলেও ড্রাম ধোয়ার (ড্রাম ওয়াশ) দূষিত পানি আশপাশে ছড়িয়ে পড়ছে, যা পরিবেশের জন্য ক্ষতিকর।
এ অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ধারা ১৫(২) অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এছাড়া প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ভবিষ্যতে ড্রেইনেজ লাইন বন্ধ করবে এবং প্রয়োজনীয় পরিবেশগত ছাড়পত্র গ্রহণ করবে—এ মর্মে ভ্রাম্যমাণ আদালতে লিখিত মুচলেকা প্রদান করে।
মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন নরসিংদী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে মাধবদী থানা পুলিশ।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নরসিদী সদর সহকারি কমিশনার(ভূমি) মেফতাহুল হাসান।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেফতাহুল হাসান বলেন, "পরিবেশ দূষণ করে জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্যের ক্ষতি করার সুযোগ কাউকে দেওয়া হবে না। শিল্পকারখানাকে অবশ্যই পরিবেশ আইন মেনে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত থাকবে এবং প্রয়োজন হলে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
নরসিংদী - District Police Narsingdi অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নরসিংদী ।
মতামত দিন