কক্সবাজার র্যাব-১৫ এর অভিযানে ৩ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধ দমন, সন্ত্রাসী ও মাদক কারবারিদের গ্রেপ্তার এবং সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। "বাংলাদেশ আমার অহংকার" এই মূলমন্ত্রকে সামনে রেখে দেশপ্রেম ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে চলেছে র্যাব-১৫।
এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে র্যাব-১৫, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গত ২৫ জুলাই ২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ২০:২০ ঘটিকায় কক্সবাজার জেলার উখিয়া থানাধীন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-০৫ (ব্লক- ই জি/২) এলাকায় এক দুঃসাহসিক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা মাদক মামলার ৩ (তিন) বছরের সাজাপ্রাপ্ত এক ফেরারি আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব।
গ্রেফতারকৃত আসামি নুরুল আমিন (৩৫)। সে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-০৫ (ব্লক- ই জি/২, এফসিএন নং- ২৭৫৩০২) এর বাসিন্দা নুরুল ইসলামের ছেলে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালত ০৩ (তিন) বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় প্রদান করেন। সাজা ঘোষণার পর থেকেই আসামি আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল।
গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমন ও মাদক মুক্ত সমাজ গঠনে র্যাব-১৫ এর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মতামত দিন