বিদেশে পাঠানোর নামে প্রতারণা, অর্থ আত্মসাতের অভিযোগ।
দিনাজপুরের বিরল উপজেলার নিজপাড়া ইউনিয়নে বিদেশে বৈধভাবে পাঠানোর প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। টাকা ফেরত না পাওয়ায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযুক্তের বাড়ি থেকে গবাদিপশু নিয়ে এলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ ঘটনায় উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দেবীপুর বানিয়াপাড়া গ্রামের বাসিন্দা আমজাদ হোসেনের বিরুদ্ধে ২০২১ সালে সৌদি আরবে পাঠানোর কথা বলে পাঁচ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, প্রবাসে যাওয়ার আশায় তারা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নেওয়ার পাশাপাশি চড়া সুদে ধার করে ওই অর্থ সংগ্রহ করেন। স্থানীয় এক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির স্বজনের মাধ্যমে ব্যাংক ও নগদ লেনদেনের মাধ্যমে ধাপে ধাপে পুরো টাকা পরিশোধ করা হলেও দীর্ঘদিন অতিবাহিত হলেও তাদের বিদেশে পাঠানো হয়নি।
অভিযোগে আরও বলা হয়, টাকা গ্রহণের পর থেকেই আমজাদ হোসেন বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে তিনি টাকা ফেরত দিতেও অস্বীকৃতি জানান। বারবার যোগাযোগ করেও কোনো সমাধান না পেয়ে গত সোমবার বিকেলে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযুক্তের বাড়িতে যান। সেখানে তাকে না পেয়ে পাওনা অর্থ আদায়ের জামিনস্বরূপ একটি গাভি ও দুটি বাছুর নিজেদের বাড়িতে নিয়ে আসেন।
অন্যদিকে, অভিযুক্ত আমজাদ হোসেনের পরিবারের দাবি, ভুক্তভোগী পরিবারের সদস্যরা তাদের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে নগদ অর্থ, স্বর্ণালংকার এবং গবাদিপশু জোরপূর্বক নিয়ে গেছেন।
ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসার চেষ্টা চালিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো সমঝোতা হয়নি। উভয় পক্ষই এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে
মতামত দিন