এক্সে চালু হলো ‘এক্স মানি’, মিলবে অর্থ লেনদেন, কেনাকাটা ও ক্যাশব্যাক সুবিধা
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) এবার আর্থিক সেবার জগতে বড় পদক্ষেপ নিয়েছে। ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রে নির্বাচিত পেইড ব্যবহারকারীদের জন্য ‘এক্স মানি’ নামে নতুন ডিজিটাল আর্থিক সেবা চালু করেছে। এই সেবার মাধ্যমে তাৎক্ষণিক অর্থ লেনদেন, কেনাকাটা, ক্যাশব্যাক এবং জমাকৃত অর্থের ওপর বার্ষিক মুনাফার সুবিধা পাওয়া যাবে।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এক্স মানি ব্যবহারকারীদের জন্য একটি ডিজিটাল ভিসা ডেবিট কার্ড দেওয়া হবে, যা সহজেই অ্যাপল পে-তে সংযুক্ত করা যাবে। পরবর্তীতে গ্রাহকদের হাতে একটি ফিজিক্যাল ভিসা ডেবিট কার্ডও পৌঁছে দেওয়া হবে। এই কার্ড ব্যবহার করে বিদেশে লেনদেনের ক্ষেত্রে অতিরিক্ত কোনো ফি দিতে হবে না। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের এটিএম থেকে বিনা চার্জে নগদ অর্থ উত্তোলনের সুযোগও থাকবে।
এক্স জানিয়েছে, প্রিমিয়াম প্লাস গ্রাহকরা তাদের জমাকৃত অর্থের ওপর বছরে সর্বোচ্চ ৬ শতাংশ হারে মুনাফা (APY) পাবেন। এছাড়া নির্দিষ্ট পণ্য ও সেবায় কেনাকাটার ক্ষেত্রে সর্বোচ্চ ৩ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক সুবিধাও মিলবে। যেসব ব্যবহারকারী ডাইরেক্ট ডিপোজিট সুবিধা ব্যবহার করবেন, তারা নির্ধারিত সময়ের আগেই জমা হওয়া অর্থ ব্যবহারের সুযোগ পাবেন।
বিশ্লেষকদের মতে, এক্স মানি চালুর মাধ্যমে ইলন মাস্কের বহুদিনের ‘এভরিথিং অ্যাপ’ গড়ে তোলার পরিকল্পনা আরও এক ধাপ এগিয়ে গেল। টুইটার অধিগ্রহণের পর থেকেই তিনি এমন একটি প্ল্যাটফর্ম তৈরির কথা বলে আসছেন, যেখানে সামাজিক যোগাযোগের পাশাপাশি অর্থ লেনদেন, অনলাইন কেনাকাটা এবং বিভিন্ন ডিজিটাল সেবা একই প্ল্যাটফর্মে পাওয়া যাবে।
নতুন এই উদ্যোগের মাধ্যমে এক্স ভবিষ্যতে প্রচলিত ডিজিটাল পেমেন্ট ও ফিনটেক সেবাগুলোর সঙ্গে প্রতিযোগিতায় আরও শক্ত অবস্থান তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: টেকক্রাঞ্চ
মতামত দিন