• ২০২৬ নভেম্বর ০৯, সোমবার, ১৪৩৩ কার্তিক ২৫
  • সর্বশেষ আপডেট : ০১:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর ইন্টার্নশিপ বাধ্যতামূলক করার পরিকল্পনা।

  • প্রকাশিত ০১:১১ অপরাহ্ন সোমবার, নভেম্বর ০৯, ২০২৬
বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর ইন্টার্নশিপ বাধ্যতামূলক করার পরিকল্পনা।
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর ইন্টার্নশিপ বাধ্যতামূলক করার পরিকল্পনা।* 


 *উপশিরোনাম:* দক্ষ গ্র্যাজুয়েট গড়তে ইউজিসির উদ্যোগ; পাঁচ বছরে সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপ, মাসে ১০ হাজার টাকা ভাতা।

গ্র্যাজুয়েটদের কর্মদক্ষতা বাড়াতে বাধ্যতামূলক ইন্টার্নশিপ, মিলবে ১০ হাজার টাকা

বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জনের পরও চাকরির বাজারে প্রয়োজনীয় দক্ষতার অভাবে কর্মসংস্থানে পিছিয়ে পড়ছেন অনেক তরুণ। এ পরিস্থিতি বদলাতে আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপ চালুর পরিকল্পনা নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। তিন থেকে ছয় মাসের এই ইন্টার্নশিপে শিক্ষার্থীরা মাসে ১০ হাজার টাকা করে ভাতা পাবেন। এর অর্ধেক সরকার এবং বাকি অর্ধেক সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বহন করবে।

গ্র্যাজুয়েটদের দেশি-বিদেশি কর্মবাজারের উপযোগী করে গড়ে তুলতে পাঁচ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (৮ নভেম্বর) চট্টগ্রামের একটি হোটেলে ওই অঞ্চলের ১৩টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে মতবিনিময় সভায় পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

তিনি জানান, ইন্টার্নশিপ কার্যক্রম পরিচালনার জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরির কাজ চলছে। একই সঙ্গে প্রাথমিক পর্যায়ে ৫০টি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ নেওয়া হবে। পর্যায়ক্রমে অন্যান্য বিশ্ববিদ্যালয়কেও এ কার্যক্রমে যুক্ত করা হবে।

ইউজিসি চেয়ারম্যান বলেন, দেশে ১৮০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রায় ৫০ লাখ শিক্ষার্থী রয়েছেন। উচ্চশিক্ষার প্রতিষ্ঠান ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও কর্মবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ গ্র্যাজুয়েট তৈরি হচ্ছে না। ফলে দেশীয় চাকরির পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারেও প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন অনেকে।

পাঁচ বছর মেয়াদি পরিকল্পনায় শিক্ষকদের দক্ষতা উন্নয়ন ও গবেষণার সুযোগ সম্প্রসারণেও গুরুত্ব দেওয়া হয়েছে। হিট প্রকল্পের আওতায় শিক্ষকদের প্রশিক্ষণের পাশাপাশি আগামী পাঁচ বছরে দুই হাজার শিক্ষককে পিএইচডি অর্জনের সুযোগ করে দেওয়ার লক্ষ্য রয়েছে। বিদেশে অবস্থানরত মেধাবী বাংলাদেশিদের শিক্ষকতা ও গবেষণায় আকৃষ্ট করতে এক বছরের ফেলোশিপসহ অ্যাকাডেমিক ক্যারিয়ার প্রোগ্রাম চালুর উদ্যোগও নেওয়া হচ্ছে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক দফতর ও সংশ্লিষ্ট কেন্দ্র স্থাপন, গবেষণায় বাস্তব সমস্যার সমাধানকে অগ্রাধিকার দিয়ে অর্থায়ন এবং বিদেশি বিশ্ববিদ্যালয়ে পিএইচডির টিউশন ফির ক্ষেত্রে সহায়তার পরিকল্পনা রয়েছে।

অধ্যাপক মামুন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে নিজেদের সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে। গ্র্যাজুয়েটদের ডিগ্রির মান ও বেকারত্ব নিয়ে যে হতাশা রয়েছে, তা কাটাতে ইউজিসি সহযোগিতা করবে।

সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান শিল্পপ্রতিষ্ঠানের গবেষণার অর্থ প্রতিযোগিতার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোকে দেওয়ার প্রস্তাব করেন। এতে শিল্প খাতের বাস্তব সমস্যার সমাধানের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের গবেষণার সক্ষমতাও বাড়বে বলে তিনি মনে করেন।

অন্য উপাচার্যরা অভিন্ন গ্রেডিং পদ্ধতি, সেমিস্টার পরিচালনার নির্দেশিকা, ওবিই কারিকুলাম বাস্তবায়ন এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার সম্পর্ক জোরদারে ইউজিসির সহযোগিতা চান। পাশাপাশি কর্মবাজারের চাহিদা বিবেচনায় নতুন বিভাগ চালু এবং শিক্ষকসংকট নিরসনে শূন্য পদে নিয়োগের প্রস্তাবও দেন তারা।

সর্বশেষ