বিরল (দিনাজপুর): যুবসমাজকে মাদক, মোবাইল আসক্তি ও অপসংস্কৃতির নেতিবাচক প্রভাব থেকে দূরে রাখতে দিনাজপুরের বিরল উপজেলায় ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে একটি মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ঘোড়াবান্দ আদর্শ গ্রামের স্বাধীন মাঠে ছাত্র-জনতা স্পোর্টিং ক্লাবের আয়োজনে টুর্নামেন্টটির উদ্বোধন হয়। আটটি দলকে নিয়ে শুরু হওয়া এ প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী, তরুণ ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা যুবদলের অন্যতম সদস্য এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. আক্কাস আলী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তহিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. শরিফুল ইসলাম শরিফ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সবুজ আলী, ঘোড়াবান্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুব আলম এবং জাতীয় নাগরিক পার্টির বিরগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সমন্বয়ক মো. আবু বক্কর সুমন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদকের করাল গ্রাস, মোবাইল আসক্তি ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়াচর্চা যুবকদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং ইতিবাচক জীবনবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বক্তারা আরও বলেন, সমাজকে মাদকমুক্ত ও সুস্থ প্রজন্ম গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং স্থানীয় জনগণের পাশাপাশি তরুণদের খেলাধুলামুখী করে তোলার উদ্যোগ আরও জোরদার করতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে টুর্নামেন্টের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় অংশ নেওয়া দলগুলোর নৈপুণ্য ও দর্শকদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো মাঠ উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
মতামত দিন