টাঙ্গাইল পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টের অভিযান: ২ দালালের কারাদণ্ড।
টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল চক্রের বিরুদ্ধে মোবাইল কোর্টের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে দালাল চক্রের দুই সদস্যকে হাতেনাতে আটক করে প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়, টাঙ্গাইলের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সজিবুল ইসলাম শুভর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
অভিযানকালে পাসপোর্ট প্রত্যাশীদের হয়রানি ও অবৈধ লেনদেনের অভিযোগে দুই দালালকে আটক করা হয়। অভিযোগের সত্যতা পাওয়া এবং আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডাদেশ দেওয়ার পর টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিসের দায়িত্বরত উপপরিচালক ও মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট উপস্থিত পাসপোর্ট প্রত্যাশীদের সঙ্গে কথা বলেন। এ সময় তারা দালালদের মাধ্যমে পাসপোর্টের কাজ না করানোর জন্য সবাইকে সচেতন করেন।
এছাড়া কোনো দালাল বা হয়রানির শিকার হলে কিংবা যথাযথ সেবা না পেলে সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের হয়রানি কমানো, জনদুর্ভোগ নিরসন এবং পাসপোর্ট সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে দালালদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মতামত দিন