দাফনের আগেই পুলিশের সন্দেহ, ১২ ঘণ্টায় ফাঁস বৃদ্ধ হত্যার রহস্য,পুত্রবধূসহ গ্রেপ্তার ৩
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৭৫ বছর বয়সী বৃদ্ধ মোহাম্মদ আলীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তাঁর পুত্রবধূসহ কয়েকজনের বিরুদ্ধে। তড়িঘড়ি করে দাফনের প্রস্তুতি নেওয়ার সময় পুলিশের সন্দেহ হওয়ায় মাত্র ১২ ঘণ্টার মধ্যে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর হত্যার রহস্য। এ ঘটনায় নিহতের পুত্রবধূসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) উপজেলার নরসিংপুর ইউনিয়নের সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে। রোববার বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন—নিহতের পুত্রবধূ হোসনা বেগম (৩৮), হাবিবনগর গ্রামের রুহুল আমিন (২২) ও নজরুল ইসলাম (২০)। পুলিশের দাবি, হোসনা বেগম হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। অপর দুজন অর্থের বিনিময়ে হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পারিবারিক বিরোধের কারণে মোহাম্মদ আলী নিজ বাড়িতে একাই বসবাস করতেন। শুক্রবার (১৪ আগস্ট) রাত ১২টার দিকে তিনি ঘুমাতে যান। পরদিন সকালে পরিবারের সদস্যরা তাঁকে মৃত অবস্থায় দেখতে পান। পরে শনিবার দুপুরে দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল।
এ সময় ঘটনাস্থলে গিয়ে পুলিশের নজরে আসে নিহতের মুখে রক্তের চিহ্ন ও গলায় কালো দাগ। এতে পুলিশের সন্দেহ হলে দাফন বন্ধ করে লাশ উদ্ধার করা হয় এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, জমি পুত্রবধূ হোসনা বেগম ও সৌদি আরবপ্রবাসী ছেলে ইসমাইল মিয়ার নামে লিখে না দেওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এর জেরে মোহাম্মদ আলীকে হত্যার পরিকল্পনা করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
এজাহার অনুযায়ী, হোসনা বেগম তাঁর দূরসম্পর্কের আত্মীয় রুহুল আমিনকে ৫০ হাজার টাকার বিনিময়ে হত্যার দায়িত্ব দেন। পরিকল্পনা অনুযায়ী, ঘটনার রাতে ঘরের পেছনের দরজা খুলে দেওয়া হলে রুহুল আমিন, নজরুল ইসলাম ও জিয়াউর রহমান ঘরে প্রবেশ করে ঘুমন্ত মোহাম্মদ আলীর গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন বলে অভিযোগ।
এ ঘটনায় নিহতের নাতনি মোছা. আছমা বেগম (২৬) বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে দোয়ারাবাজার থানায় হত্যা মামলা করেন।
দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার জানান, গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মতামত দিন