জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৪ নৌকা ধ্বংস
সিলেট থেকে : সিলেটের জৈন্তাপুরে ইজারা বিহীন রাংপানি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন। টাস্কফোর্সের অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত চারটি নৌকা ধ্বংসের পাশাপাশি ৭ হাজার ১১৯ ঘনফুট অবৈধভাবে উত্তোলন করা বালু জব্দ করা হয়।
বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়ের নেতৃত্বে পরিচালিত অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন ।
অভিযানের শুরুতে আসামপাড়া শংকর ঘাট এলাকায় নদী থেকে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত চারটি নৌকা শনাক্ত করা হয়। পরে নৌকাগুলো ধ্বংস করা হয়। এরপর আসামপাড়া আশ্রয়ণ প্রকল্প ঘাট এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলন করে মজুত রাখা ৭ হাজার ১১৯ ঘনফুট বালু জব্দ করা হয়।
জব্দ করা বালু ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবেশের ক্ষতি করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে বালু উত্তোলন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন